Iran War impact in Stock Market

খাদে পড়বে সেনসেক্স-নিফটি, লাফ সোনার দামে? খামেনেই হত্যায় রক্তাক্ত হওয়ার আতঙ্কে ভুগছে দালাল স্ট্রিট!

ইজ়রায়েল এবং মার্কিন ফৌজের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন শিয়া ধর্মগুরু তথা ইরানের সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) আয়াতোল্লাহ আলি খামেনেই। ফলে পশ্চিম এশিয়ায় বাড়ছে যুদ্ধ তীব্র হওয়ার আশঙ্কা। সোমবার, ২ মার্চ তার কতটা প্রভাব পড়বে ভারতের শেয়ার বাজারে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৭:১৭
Share:

মার্কিন ও ইজ়রায়েলি হামলায় ইরানি সর্বোচ্চ নেতা আলি খামেনেই নিহত হওয়ায় অস্থির হতে পারে শেয়ার বাজার। —প্রতীকী ছবি।

আমেরিকা ও ইজ়রায়েলের সাঁড়াশি আক্রমণে ক্ষতবিক্ষত ইরান। সেখানকার শিয়া ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) আয়াতোল্লাহ আলি খামেনেইকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করেছে তারা। এই ঘটনার জেরে পশ্চিম এশিয়ার ভয়ঙ্কর আকার নিতে পারে যুদ্ধ। সোমবার, ২ মার্চ এর কতটা প্রভাব পড়বে ভারতীয় শেয়ার বাজারে? দেশের তাবড় ব্রোকারেজ ফার্মগুলির মধ্যে এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

Advertisement

আর্থিক বিশ্লেষকদের অনুমান, ইরান যুদ্ধের জেরে ২ মার্চ সপ্তাহের প্রথম দিনে রক্তাক্ত হবে বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ২৪ হাজারে নামতে পারে নিফটি ৫০-এর সূচক। খনিজ তেল এবং জ্বালানি সংস্থাগুলি খারাপ পারফরম্যান্স করার প্রবল আশঙ্কা রয়েছে। লোকসান হতে পারে সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের স্টকের লগ্নিকারীদের। অন্য দিকে সোনা ও রুপোর দাম বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন তাঁরা।

গত শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় ১.৫৪ শতাংশে নেমেছে নিফটি ৫০-এর সূচক। ফলে বর্তমানে সেটা ২৫,১৭৮.৬৫ পয়েন্টে রয়েছে। অন্য দিকে ওই দিনে বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) ১.৮৪ শতাংশের পতন লক্ষ করা গিয়েছিল। ফলে ৮১ হাজার ২৮৭ পয়েন্টে থামে সেনসেক্স। এই পরিস্থিতিতে সোমবার বাজার খাদে নামলে লগ্নিকারীদের যে মাথায় হাত পড়বে, তা বলাই বাহুল্য।

Advertisement

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) বর্তমানে ৬০ হাজার ৫২৯ পয়েন্টে দাঁড়িয়ে আছে ব্যাঙ্ক নিফটি। বিশ্লেষকদের দাবি, সাম্প্রতিক সময়ে এই সূচকটিকে বেশ কিছুটা নেমে এসে স্বল্পমেয়াদি ডবল-টপ প্যাটার্ন তৈরি করতে দেখা গিয়েছে। ফলে মুনাফা বুকিংয়ের কথা ভাবতে পারেন বিনিয়োগকারীদের একাংশ। সোমবার, ব্যাঙ্ক নিফটি ৫৯,৭০০-৫৯,৫০০ পয়েন্টে নেমে গেলে লগ্নিকারীদের বাড়বে লোকসান, বলছেন বিশ্লেষকেরা।

তবে সংঘাত পরিস্থিতিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে সোনা ও রুপোর দাম। বর্তমানে বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স সাদা ধাতু বিক্রি হচ্ছে কম-বেশি ৯৫ ডলারে। সোমবার সেটা ১০০ ডলার ছাড়াবে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ভারতের বাজারে কেজি প্রতি রুপোর দাম বিপুল বাড়তে পারে।

একই ভাবে বিশ্ব বাজারে সোনার দাম প্রতি ট্রয় আউন্সে ৫,৩০০-৫,৫০০ ডলার পর্যন্ত উঠতে পারে। সে ক্ষেত্রে ভারতের বাজারে ১০ গ্রাম হলুদ ধাতুর দাম বেড়ে দাঁড়াতে পারে ১.৭-১.৮ লক্ষ টাকা। ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সেটা দু’লাখ টাকাতেও পৌঁছোতে পারে, বলছেন বিশ্লেষকদের একাংশ।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement