চাহিদায় টানের জেরে ফেব্রুয়ারি মাসে সরাসরি কমলো কল-কারখানার উৎপাদন। ১.২% কমে তা ছুঁয়েছে চার মাসের তলানি। পাশাপাশি, খুচরো বাজারে মূল্যবৃদ্ধি মার্চে পৌঁছেছে গত পাঁচ মাসের চূড়ায়। মূলত দুধ-ডিম, ভোজ্যতেল, জ্বালানি ইত্যাদির চড়া দাম খুচরো মূল্যবৃদ্ধিকে টেনে তুলেছে ৩.৮১ শতাংশে। এই পরিপ্রেক্ষিতে শিল্পে লগ্নির পরিবেশ উন্নত করতে সংস্কারের পথে হাঁটতে কেন্দ্রের কাছে আর্জি শিল্পমহলের।
বুধবার এই সরকারি পরিসংখ্যান অবশ্য প্রকাশিত হয় শেয়ার বাজার বন্ধ হওয়ার পরে। কিন্তু তার আগে অনিশ্চত বাজারে পেন্ডুলামের মতোই দুলেছে সূচক। আগের দিন ২১৩ পয়েন্ট ওঠার পরে বুধবার সেনসেক্স পড়ল ১৪৪.৮৭ পয়েন্ট। দাঁড়ায় ২৯,৬৪৩.৪৮ অঙ্কে। নিফ্টি ৩৩.৫৫ পয়েন্ট পড়ে থিতু হয় ৯২০৩.৪৫ অঙ্কে। জোড়া পরিসংখ্যানের বিরূপ প্রভাব বৃহস্পতিবার বাজারে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। এ দিন টাকাও ১৭ পয়সা পড়েছে। প্রতি ডলার হয়েছে ৬৪.৬৭ টাকা।
২০১৬-র ফেব্রুয়ারিতে শিল্প বৃদ্ধি ছিল ১.৯৯%। জানুয়ারির সংশোধিত হার ৩.২৭%। তবে ফেব্রুয়ারি পর্যন্ত গত ১১ মাসে গড় শিল্প বৃদ্ধি কার্যত থমকেই রয়েছে। বৃদ্ধি মাত্র ০.৪%।
এ দিকে, খুচরো বাজারে তৈরি ও চটজলদি খাবার, মিষ্টি ইত্যাদির দামও বেড়েছে ৬.১৩%। তবে শাক-সব্জির দাম মার্চে কমেছে ৮.৫৭%।