Reserve Bank of India (RBI)

বাড়তে পারে মূল্যবৃদ্ধি, ফলে সুদ কমাবে না রিজ়ার্ভ ব্যাঙ্ক, দাবি

আগামী কাল, সোমবার থেকে শুরু হচ্ছে রিজ়ার্ভ ব্যাঙ্কের তিন দিনের ঋণনীতি বৈঠক। যুদ্ধের ধাক্কা দেশের অর্থনীতিকে কতটা বিপাকে ফেলেছে খতিয়ে দেখা হবে সেখানে। সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে সুদ নিয়ে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৯:৩২
Share:

— প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধ ভারতের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হারকে ফের ঠেলে তুলতে পারে। এই আশঙ্কার কারণেই এ বারের ঋণনীতিতে হয়তো সুদের হার কমাবে না রিজ়ার্ভ ব্যাঙ্ক, দাবি অর্থনীতিবিদদের। সে ক্ষেত্রে রেপো রেট (যে সুদে ব্যাঙ্কগুলিকে ধার দেয় আরবিআই) গত ঋণনীতির মতো এ বারও ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হবে বলে মনে করছেন তাঁরা।

আগামী কাল, সোমবার থেকে শুরু হচ্ছে রিজ়ার্ভ ব্যাঙ্কের তিন দিনের ঋণনীতি বৈঠক। যুদ্ধের ধাক্কা দেশের অর্থনীতিকে কতটা বিপাকে ফেলেছে খতিয়ে দেখা হবে সেখানে। সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে সুদ নিয়ে। তা জানানো হবে বুধবারের ঋণনীতি ঘোষণায়। এক সমীক্ষায় অর্থনীতিবিদদের প্রায় সকলেই একবাক্যে বলছেন, চলতে থাকা ভূ-রাজনৈতিক সংঘর্ষের পাশাপাশি, পণ্যের দামে অস্থিরতা এবং ডলারের সাপেক্ষে তলানিতে ঠেকা টাকা শীর্ষ ব্যাঙ্কের ঋণনীতি পর্যালোচনার কাজকে জটিল করেছে। কঠিন হয়েছে আর্থিক বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধির পূর্ভাবাস দেওয়াও। এই পরিস্থিতিতে সুদ চট করে বদলানো হবে বলে মনে হয় না।

মূল্যায়ন সংস্থা ইক্রার মুখ্য অর্থনীতিবিদ অদিতি নায়ারের মতে, ‘‘বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ঘিরে অনিশ্চয়তা এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে সুদ স্থির থাকতে পারে। আসন্ন মূল্যবৃদ্ধির সংখ্যা দেখে আগামী দিনে পদক্ষেপ করতে পারে আরবিআই।’’ এসবিআই-এর মুখ্য অর্থনীতিবিদ সৌম্যকান্তি ঘোষও একই কথা বলছেন। তাঁর সতর্কবার্তা, ডলার ৯৩ টাকা পেরিয়েছে। বিশ্ব বাজারে তেলের ব্যারেলও ১০০ ডলারের উপরে। ফলে দেশ আমদানিজনিত মূল্যবৃদ্ধির মুখে পড়েছে।

এইচডিএফসি ব্যাঙ্কের প্রিন্সিপাল অর্থনীতিবিদ সাক্ষী গুপ্তর দাবি, স্বল্প মেয়াদে সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া এখন ঠিক হবে না। কারণ, সারা বিশ্বে পণ্যের দাম অস্থির। বরং আরবিআই মূল্যবৃদ্ধির গতিপ্রকৃতি দেখার জন্য একটু অপেক্ষা করতে চাইবে। ব্যাঙ্ক অব বরোদার মুখ্য অর্থনীতিবিদ মদন সবনবীসেরও বার্তা, ‘‘আমরা এখন সুদের হার বদলের কোনও আশাই করছি না। অপেক্ষা করছি দেশে জিডিপি এবং মূল্যবৃদ্ধি নিয়ে শীর্ষ ব্যাঙ্ক কী পূর্বাভাস দেয়, তা দেখার জন্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন