Defence Stock Price Hike

‘স্কাইস্ট্রাইকার’-এর আঘাতে উড়ল জঙ্গিঘাঁটি, ‘অপারেশন সিঁদুর’-এর পর ছুটছে ইজ়রায়েলি সংস্থার শেয়ার!

‘অপারেশন সিঁদুর’-এ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে ইজ়রায়েলি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি দেশীয় প্রতিরক্ষা সংস্থার আত্মঘাতী ড্রোন ব্যবহার হয়েছে বলে সূত্র মারফত মিলেছে খবর। এই খবর প্রকাশ্যে আসতেই হু-হু করে বাড়ল ইজ়রায়েলি সংস্থাটির স্টকের দর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৭:২৬
Share:

—প্রতীকী ছবি।

‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনার সাফল্যের সঙ্গে সঙ্গেই মার্কিন শেয়ার বাজারে শোরগোল। হু-হু করে বাড়ল ইজ়রায়েলি প্রতিরক্ষা সংস্থার স্টকের দাম। ভারতের মাটিতে ড্রোন নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাটির যোগ রয়েছে। ফলে পাকিস্তানের সঙ্গে ‘যুদ্ধ’ পরিস্থিতি বজায় থাকলে তাদের শেয়ারের দর যে আরও ঊর্ধ্বমুখী হবে, তা বলাই বাহুল্য।

Advertisement

বৃহস্পতিবার, ৮ মে আমেরিকার বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ইজ়রায়েলি প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেমসের স্টকের দাম। গত ৬ মে ৪০০ ডলারে ঘোরাফেরা করছিল এর শেয়ারের দর। কিন্তু, লক্ষ্মীবারে একলাফে বেড়ে সেটা ৪১৪ টাকায় পৌঁছে যায়। অর্থাৎ, মাত্র এক দিনে শেয়ারটির দাম বৃদ্ধি পেয়েছে প্রায় চার শতাংশ।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ইসলামাবাদ মদতপুষ্ট জঙ্গিদের হামলায় প্রাণ হারান পর্যটক-সহ ২৬ জন। এই ঘটনার বদলা নিতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের (পাকিস্তান অকুপায়েড জম্মু-কাশ্মীর বা পিওজেকে) ন’টি জায়গায় প্রত্যাঘাত হেনে সন্ত্রাসবাদীদের গুপ্ত ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ফৌজ। এই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন সিঁদুর’ রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা।

Advertisement

সূত্রের খবর, পাক মদতপুষ্ট জঙ্গিঘাঁটিগুলিকে ওড়াতে ‘স্কাইস্ট্রাইকার’ নামের একটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে ভারতীয় বাহিনী। এই ড্রোনটির নির্মাণকারী সংস্থা হল আদানি গোষ্ঠীর আলফা ডিজ়াইন টেকনোলজিস। ইজ়রায়েলি সংস্থা এলবিট সিস্টেমসের সঙ্গে যৌথ উদ্যোগে ‘স্কাইস্ট্রাইকার’-এর জন্ম দিয়েছেন তারা।

২০২১ সালে আত্মঘাতী ড্রোন কেনার জন্য আলফা ডিজ়াইনকে বরাত দেয় সেনা। ওই সময়ে ১০০টি মানববিহীন উড়ুক্কু যান বাহিনীর বহরে শামিল করা হয়েছিল। পরবর্তী কালে বৃদ্ধি পায় এই সংখ্যা। ভারত-পাক সংঘাতের আবহে বেঙ্গালুরুর সংস্থাটির আরও এই ধরনের বরাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ইজ়রায়েলি সংস্থাটির শেয়ারের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না কেউই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement