—প্রতিনিধিত্বমূলক ছবি।
গত মাসে দেশে বাড়ল বেকারত্বের হার। শুক্রবার কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত কর্মী সমীক্ষা (পিএলএফএস) অনুসারে তা পৌঁছেছে ছ’মাসের মধ্যে সব থেকে উঁচুতে। সেখানে বলা হয়েছে, দেশে ১৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে এপ্রিলে বেকারত্ব দাঁড়িয়েছে ৫.২%। যা গত মার্চের এবং আগের বছরের এপ্রিলের ৫.১শতাংশের থেকে সামান্য হলেও বেশি। এর আগে বেকারত্ব ৫.২ শতাংশে উঠেছিল গত অক্টোবরে।
এ দিনের পরিসংখ্যানে প্রকাশ, গত মাসে শহরে বেকারত্ব সামান্য কমেছে। তবে গ্রামে একটু বেড়েছে। শুধু পুরুষদের ক্ষেত্রে ওই হার ৫.১%। যা মার্চের থেকে বেশি, তবে গত বছরের এপ্রিলের থেকে কম। মহিলাদের ক্ষেত্রে ৫.৪%। গত মার্চ এবং গত বছরের এপ্রিল, দুইয়ের নিরিখেই বেশি। যদিও শুধু গ্রাম বা শহর হিসাব করলে তাঁদের বেকারত্ব দু’ক্ষেত্রেই মার্চের থেকে কম। বরং সমীক্ষা অনুসারে গত বছরের এপ্রিলের পরে শহরে মহিলাদের বেকারত্ব সব থেকে বেশি কমেছে গত মাসেই।
উল্লেখ্য, প্রতি মাসে এই সমীক্ষা চালায় পরিসংখ্যান মন্ত্রক। ৩,৭৪,২৪৩ জনের থেকে তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি হয়। আজ সেই রিপোর্টে আরও দাবি, ১৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে গত মাসে কাজের বাজারে অংশগ্রহণের হার মার্চের ৫৫.৪% থেকে কমে হয়েছে ৫৫%।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে