— প্রতীকী চিত্র।
কেন্দ্রের বিজেপি সরকার বাধ্যতামূলক ভাবে স্মার্ট মিটার বসানোর নির্দেশ দিয়েছিল। তাই নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দানা বাঁধলেও বহু রাজ্য সেই পথে হেঁটেছে। তবে এ বার বিজেপি শাসিত উত্তরপ্রদেশই সবার প্রথমে সেই প্রিপেড মিটার বাতিলের সিদ্ধান্ত নিল। বিদ্যুৎমন্ত্রী এ কে শর্মা শুক্রবার জানালেন, সব স্মার্ট মিটারকে পুরনো পোস্টপেড মিটারে বদলে ফেলা হবে। গ্রাহকদের তীব্র আপত্তির কারণেই এই সিদ্ধান্ত। মে থেকে সকলে বিদ্যুৎ ব্যবহারের পরে তার বিল পাবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আগের মতো মেটাবেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছেন।
সংশ্লিষ্ট মহলের দাবি, উত্তরপ্রদেশের এই ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে এ রাজ্যেও। সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি বেশ কিছু জেলায় বাড়িতে বাড়িতে বসে গিয়েছে স্মার্ট মিটার। বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন বহু দিন ধরে অভিযোগ করছে, এতে বিদ্যুতের খরচ বেড়েছে। অনেকে বিপাকে পড়ছেন। এই মিটার বসানো নিয়ে গোলমালও হয়েছে বেশ কিছু জায়গায়। ক্ষোভ এবং আপত্তির মুখে এখন অবশ্য বাড়িতে তা বসানো বন্ধ।
একাংশের প্রশ্ন, এ রাজ্যেও নতুন ক্ষমতায় আসা বিজেপি সরকার কি স্মার্ট মিটার নিয়ে মানুষের আপত্তির কথা শুনবেন এবং তা বাতিল করবেন? যোগীর রাজ্য থেকে পাওয়া ভরসায় বুক বেঁধে সেই দিকেই তাকিয়ে বঙ্গ।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে