গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আয়কর সম্পর্কে স্কুল পড়ুয়ারদের সচেতন করতে বিশেষ কমিক বইপ্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। আয়কর দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে ওই বইটি তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ওই বইয়ে এক বিশেষ চরিত্র রয়েছে— ‘মধুকর’। ১ এপ্রিল থেকে চালু হওয়ার নতুন আয়কর আইন, ২০২৫ সম্পর্কে বোঝাবে ওই মৌমাছি।
নতুন আইনে ২০২৭ অর্থবর্ষে কর জমা দেবেন সাধারণ করদাতারা। ওই আইনে আয়করের হারে কোনও পরিবর্তন না করা হলেও শেয়ারের আগাম লেনদেনের উপর করের হার বৃদ্ধি পেয়েছে। সেই সংক্রান্ত বিষয়গুলি কমিক্স-এর মাধ্যমে সংশ্লিষ্ট বইয়ে ব্যাখ্যা করা হয়েছে। কী ভাবে কর জমা দিতে হবে, ‘ট্যাক্স ইয়ার’ কী?— সেই বিষয়গুলির উল্লেখও থাকছে ওই বইতে।
বড়দের সঙ্গে ছোটরাও যাতে আয়কর সংক্রান্ত বিষয়ে স্কুলস্তর থেকেই জ্ঞান অর্জনের সুযোগ পায়, সেই কারণেই সংশ্লিষ্ট বইটি প্রকাশ করা হয়েছে। পড়ুয়াদের এই বিষয়ে আগ্রহ বৃদ্ধি করতে ইংরেজি এবং হিন্দি ভাষায় এই কমিক বইটি লেখা হয়েছে।
অনলাইন মাধ্যমে ওই বইটি পড়ার সুযোগ পাবে স্কুলপড়ুয়ারা। এর জন্য সিবিএসই কিংবা আয়কর দফতরের ওয়েবসাইট থেকে বইটির পিডিএফ ডাউনলোড করে নিতে হবে।