যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
‘ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি’ নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রাম শুরু করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। কোর্সের জন্য আবেদন প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি’-র এই কোর্সটি মূলত বিশেষ চাহিদা সম্পন্ন এবং তাঁদের পরিবারের কথা ভেবেই আয়োজিত হয়েছে। তাঁরা কী ভাবে নাচের মধ্য দিয়ে নিজেদের ভাব প্রকাশ করতে পারবেন, তাঁদের মানসিক এবং শারীরিক সুস্থতা কী ভাবে সঠিক রাখা যায় সেই সব কিছু শেখানো হবে এই কোর্সটিতে।
এক বছরের কোর্স। মে মাস থেকে ক্লাস শুরু হবে। সম্পূর্ণ কোর্সটির মূল্য ৩৬ হাজার টাকা। মোট ৩০ জন পড়ার সুযোগ পাবেন। মূলত স্নাতক হলেই এই কোর্সে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। এমনকি যাঁরা এখন স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তাঁরাও আবেদন জানাতে পারবেন। আবার, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের বাবা-মা, পরিচর্যাকারী এবং ফিজিয়ো থেরাপিস্ট, স্পেশ্যাল এডুকেটর, শিক্ষক এবং নার্স-সহ বিভিন্ন পেশাদারেরা এই কোর্সে যোগ দিতে পারবেন।
কোর্সে ভর্তি নেওয়া হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনের শেষ দিন আগামী ২৭ এপ্রিল। ইন্টারভিউ হবে ৬ মে। মেধাতালিকা প্রকাশ করা হবে ৮ মে। ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।