— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ল্যাপটপ, মোবাইল, বৈদ্যুতিক গাড়ি তৈরি ক্ষেত্রে বিশেষ মাইক্রোচিপ ব্যবহার করা হয়। কী ভাবে তা কাজ করে, কোন প্রযুক্তিতে তৈরি হয়— তা জানতে পড়তে হয় সেমিকনডাক্টর টেনকনোলজি। সে বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এই দেশে। ২০২৫-এ শুরু হওয়া সেমিকান্ডাক্টর মিশন-এর অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে চর্চার ব্যবস্থা রয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), ব্যাঙ্গালোর স্নাতকোত্তর স্তরে বিষয়টি পড়ার সুযোগ মিলবে।
তবে, এর জন্য আগ্রহীদের ২০২৪, ২০২৫ কিংবা ২০২৬-এর গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। তবে শুধু সেমিকনডাক্টর প্রযুক্তিই নয়, ওই প্রতিষ্ঠানে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং, সাস্টেনেবেল টেকনোলজিস, আর্থ অ্যান্ড ক্লাইমেট সায়েন্সেস, সিগন্যাল প্রসেসিং বিষয়েও স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে। এ সব বিষয়েও ভর্তি নেওয়া হবে গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
এ ছাড়াও কৃত্রিম মেধা, কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্স, রোবোটিক্স অ্যান্ড অটোনমাস সিস্টেমস, স্মার্ট মোবিলিটি অ্যান্ড লজিস্টিক্স সিস্টেম, মাইক্রোইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই ডিজ়াইন, কোয়ান্টাম টেকনোলজি-র মতো বিভিন্ন বিষয়েও ভর্তি হওয়ার সুযোগ থাকছে। তবে, এ জন্য ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, টেকনোলজি শাখার বিভিন্ন বিষয়ের স্নাতকদের গেট উত্তীর্ণ হওয়ার পাশাপাশি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দিতে হবে।
আগ্রহীদের ১১ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৮০০ টাকা ধার্য করা হয়েছে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ই-মেল মারফত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ সংক্রান্ত তথ্য জানানো হবে।