প্রতীকী ছবি।
বৃদ্ধি হল মুক্ত এবং দূরশিক্ষা (ওডিএল) এবং অনলাইন মাধ্যমে নানা বিষয়ের কোর্সে ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ। ইচ্ছুক প্রার্থীরা ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের (ইগনু) ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।
একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে ইগনু। প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছিল। সেই অনুযায়ী, পড়ুয়ারা মুক্ত এবং দূরশিক্ষা (ওডিএল) এবং অনলাইন মাধ্যমে নানা বিষয়ের স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়তে পারবেন। তথ্য সুরক্ষা, ডেয়ারি ফার্মিং, পরিবেশ, সুস্থায়ী উন্নয়নের মতো বিষয়গুলি নিয়েও পড়তে পারবেন। পাশপাশি, ইতিহাস, অর্থনীতি, হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রশন নিয়েও পড়ার সুযোগ রয়েছে। স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সও করা যাবে। আবেদনকারীদের মেধার ভিত্তিতে বেশির ভাগ কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
পড়ুয়াদের প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (http://ignouadmission.samarth.edu.in)-এ যেতে হবে। সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এর পর পড়ুয়াদের ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। শেষে আবেদনমূল্য-সহ আবেদনপত্র জমা দিতে হবে। বর্ধিত সময় অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ এপ্রিল ২০২৬। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।