HS Exam 2026 Political Science Preparation Tips

কোন কৌশলে পুরো নম্বর মিলবে রাষ্ট্রবিজ্ঞানে? উচ্চ মাধ্যমিকের আগে জানাচ্ছেন অভিজ্ঞ শিক্ষক

হাতে সময় কম, কিন্তু শেষ মুহূর্তে নম্বর বিভাজন-সহ বেশ কিছু জরুরি বিষয় মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শিক্ষক মিলন বাইন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

অন্য বেশ কিছু বিষয়ের মতো রাষ্ট্রবিজ্ঞানও উচ্চ মাধ্যমিক স্তরে নতুন বিষয়। চলতি বছর উচ্চ মাধ্যমিকে আবার বদলেছে পরীক্ষা পদ্ধতিও। চতুর্থ সেমেস্টার নিয়ে তাই অনেক পরীক্ষার্থীর কপালেই চিন্তার ভাঁজ। ২০ ফেব্রুয়ারি, শুক্রবার উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। হাতে সময় কম, কিন্তু শেষ মুহূর্তে নম্বর বিভাজন থেকে আরও কিছু জরুরি বিষয় মনে করিয়ে পরামর্শ দিয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শিক্ষক মিলন বাইন।

Advertisement

মিলন জানিয়েছেন, চতুর্থ সেমেস্টারে মোট ৪০ নম্বর রয়েছে। প্রশ্নপত্রে রয়েছে তিনটি বিভাগ। ক বিভাগে মোট ১০ নম্বর থাকবে। পাঁচটি প্রশ্নের প্রতিটিতে থাকবে ২ নম্বর। খ বিভাগের জন্য বরাদ্দ নম্বর ১২। প্রতিটি প্রশ্নের মান ৪। এই অংশে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। বিভাগ গ-তে থাকবে ১৮ নম্বর। প্রশ্ন পিছু থাকবে ছ’নম্বর। এই বিভাগ থেকে মোট তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এ ক্ষেত্রে উল্লেখ্য, প্রতিটি বিভাগের প্রতিটি প্রশ্নের জন্য বিকল্প প্রশ্নও থাকবে। তাই পরীক্ষার্থীদের ভয়ের কারণ নেই।

শেষ মুহূর্তে কী করণীয়?

Advertisement

মিলন বলেছেন, “এত দিন যে ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে তা-ই ভাল ভাবে আরও এক বার পড়ে নিতে হবে। নতুন করে কোনও অধ্যায় বা বিষয় না পড়াই ভাল।” পাঠ্যবই থেকেই যাবতীয় প্রশ্ন আসবে, তাই সমস্ত অধ্যায় এখান থেকে পড়তে হবে। আরও একটি বিষয় উল্লেখ করেছেন মিলন। বলেছেন, “চার এবং ছয় নম্বরের প্রশ্নোত্তরগুলি নির্দিষ্ট সময় ধরে লিখে লিখে অনুশীলন করলে ভাল। একই সঙ্গে উত্তর লেখার সময় নম্বর বিভাজনের উপর নির্ভর করে শব্দসীমার দিকেও খেয়াল রাখতে হবে। উত্তরে অপ্রয়োজনীয় তথ্য লেখা যাবে না।”

পরীক্ষার দিন কেন্দ্রে পৌঁছে কী কী বিষয় মাথায় রাখতে হবে, তা-ও জানিয়েছেন তিনি—

প্রথমত, মোট ৪০ নম্বরের উত্তর লেখার জন্য নির্ধারিত সময় ২ ঘণ্টা ১৫ মিনিট। তাই, পরীক্ষার ৫ মিনিট আগে উত্তরপত্র দেওয়ার সঙ্গে সঙ্গেই নির্ভুল ভাবে নিজের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর লিখে নিতে হবে। এর পর খাতার বাঁদিকে মার্জিন দিয়ে নিতে হবে।

দ্বিতীয়ত, এর পর প্রশ্নপত্র হাতে পেয়ে কোন প্রশ্নের উত্তর দিলে পূর্ণ নম্বর মিলতে পারে বা কোনটি চেনা প্রশ্ন, সেগুলিকে চিহ্নিত করে নিতে হবে।

তৃতীয়ত, যদি কোনও পরীক্ষার্থী কোনও বিভাগের সমস্ত প্রশ্ন একবারে না লিখে পরে উত্তর লিখবে বলে স্থির করে, তা হলে নির্দিষ্ট জায়গা ফাঁকা রেখে পরবর্তী বিভাগ উত্তর লেখা শুরু করতে হবে। কোনও একটি বিভাগের প্রশ্নের উত্তর অন্য কোন বিভাগের মধ্যে বা শেষে লেখা চলবে না। এ ক্ষেত্রে পরীক্ষক খাতা দেখার সময় বিভ্রান্ত হয়ে পড়তে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement