NCERT Class 9 Textbook

স্কুলপাঠ্য বই নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন, বিতর্কের মুখে কী জানালেন এনসিইআরটি অধিকর্তা?

এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ের ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ শীর্ষক অধ্যায়ে বিচারব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করায় বইটি নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। সেই ঘটনার পর প্রথম ওই বিষয়ে মুখ খুললেন সংস্থার অধিকর্তা দীনেশ প্রসাদ সাকলানি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১১:৫৯
Share:

এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বই বিতর্কে মুখ খুললেন সংস্থার অধিকর্তা দীনেশ প্রসাদ সাকলানি। ছবি: সংগৃহীত।

নতুন শিক্ষাবর্ষে নবম শ্রেণির পাঠ্যবই এপ্রিল থেকেই হাতে পাবে পড়ুয়ারা। তবে, এনসিইআরটি-র সেই সব বই প্রকাশিত হওয়ার আগে বিশেষজ্ঞ কমিটি বার বার যাচাই করে নেওয়া হচ্ছে। সম্প্রতি এনসিইআরটির অধিকর্তা দীনেশ প্রসাদ সাকলানি এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, যে সব পাঠ্যবই কিংবা অধ্যায় নিয়ে বিতর্ক তৈরি হতে পারে, সেই বইয়ের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক কমিটি।

Advertisement

সিবিএসই আয়োজিত একটি অনুষ্ঠানে এসে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন এনসিইআরটির অধিকর্তা। জানা গিয়েছে, ১০ থেকে ১৫ এপ্রিলের মধ্যে স্কুলগুলিতে নবম শ্রেণির পাঠ্যবই পৌঁছে যাবে। তবে, কিছু বইয়ের অধ্যায় খতিয়ে দেখার প্রক্রিয়া এখনও চলছে। ওই সব স্কুল পাঠ্য বইয়ের খসড়ায় বা প্রাথমিক ভাবে ছাপার পর কোনও ভুল থেকে গিয়েছে কি না, কোনও অধ্যায় নিয়ে কোনও সংশয় থাকলে তা বিশেষজ্ঞেরা যাচাই করে নিচ্ছেন। যাচাইকরণ সম্পূর্ণ হলে ওই বই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে।

এই প্রসঙ্গে এনসিইআরটির অধিকর্তা বলেন, “৪,০০০-এরও বেশি কর্মী-আধিকারিক, বিশেষজ্ঞেরা পাঠ্যবই প্রস্তুত করে থাকেন। বিভিন্ন ধরনের মতামত নিয়েই ওই কাজ সম্পন্ন হয়। আর তাতেই বিতর্কের সূত্রপাত।”

Advertisement

সম্প্রতি এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ের ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ শীর্ষক অধ্যায়ে বিচারব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করায় বইটি নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। আদালত অবমাননার অভিযোগও উঠেছে কেন্দ্রীয় শিক্ষা দফতর ও এনসিইআরটি-র বিরুদ্ধে। আদালতের নির্দেশ মেনেই প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কেকে ভেন্যুগোপাল, প্রাক্তন বিচারপতি ইন্দু মলহোত্রা এবং প্রাক্তন বিচারপতি অনিরুদ্ধ বোসের নেতৃত্বে গঠিত কমিটি ওই বইয়ের অধ্যায় সংস্করণের কাজ শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement