বসনিয়ার কাছে হারের পর বিধ্বস্ত ইটালির ফুটবলারেরা। ছবি: রয়টার্স।
টানা তিন বার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ইটালি। চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের ব্যর্থতা নিয়ে আলোচনা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে। এর মধ্যেই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ইটালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। দায়িত্ব ছেড়েছেন জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকা প্রাক্তন গোলরক্ষক জিয়ানলুইজি বুফোঁ।
বসনিয়ার কাছে টাইব্রেকারে হেরে ইটালি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে যাওয়ার দেশ জুড়ে সমালোচনা শুরু হয়েছিল। তার দু’দিন পরই ইস্তফা দিয়েছেন গ্রাভিনা এবং বুফোঁ। ২০১৮ সালে ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেন গ্রাভিনি। তাঁর কার্যকালে পর পর দু’টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হল ইটালি। তাঁর আগের সভাপতিও ২০১৮ সালে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারায় ইস্তফা দিয়েছিলেন। ফেডারেশন দু’জনের ইস্তফার কথা স্বীকার করে নিয়েছে। জানানো হয়েছে, আগামী ২২ জুন নতুন সভাপতি নির্বাচন হবে।
তাঁদের ইস্তফার পাশাপাশি জাতীয় দলের সঙ্গে ক্লাবগুলির সংঘাত শুরু হয়েছে ইটালিতে। কোনও ক্লাবের অভিযোগ, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে বা শিবিরে চোট পেয়েছেন তাঁদের ফুটবলার। আবার কোনও কোনও ক্লাবের অভিযোগ, এক মিনিটও না খেলিয়ে ফুটবলারদের আটকে রাখা হয়েছিল।
উয়েফাও হুঁশিয়ারি দিয়েছে ইটালিকে। স্টেডিয়ামগুলির এবং অন্য পরিকাঠামোর উন্নতি করতে না পারলে ২০৩২ সালের ইউরো কাপ আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়া হতে পারে। ইটালির স্টেডিয়ামগুলিকে ইউরোপের সবচেয়ে খারাপ বলে উয়েফা সভাপতি আলেকজ়ান্ডার সেফেরিন বলেছেন, ‘‘২০৩২ সালের ইউরো যে ভাবে পরিকল্পনা করা হয়েছে, সে ভাবেই হবে। আশা করব ইটালির পরিকাঠামো যথাযথ মানের হবে। তা না হলে, ইটালিতে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হবে না।’’
২০২৩ সালের ইউরো যৌথ ভাবে আয়োজন করার কথা ইটালি এবং তুরস্কের। ইটালির ১১টি শহর ইউরো কাপের ম্যাচ আয়োজনের দাবিদার। আগামী অক্টোবরের মধ্যে বেছে নিতে হবে পাঁচটি শহরকে। জুভেন্তাসের অ্যালিয়াঞ্জ স্টেডিয়াম ছাড়া ইটালির আর কোনও স্টেডিয়াম দেখেই খুশি নন উয়েফা কর্তারা।