— প্রতীকী চিত্র।
বৃদ্ধি হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (ডব্লিউবিজেইই) নাম নথিভুক্তকরণের সময়সীমা। বোর্ডের তরফে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। সেই সঙ্গে আবেদনপত্র সংশোধনের সময়ও বৃদ্ধি করা হয়েছে।
এর আগে জানানো হয়েছিল, ৫ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সেই মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ, ৮ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আর ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র সংশোধন করা যাবে। বিধানসভার ভোট মিটলেই আয়োজন করা হবে পরীক্ষার। ২৪ মে দু’টি পত্রের উপর ডব্লিউবিজেইই পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ১৫মে।
আবেদনমূল্য বাবদ অসংরক্ষিত শ্রেণিভুক্ত পুরুষদের ৫০০ টাকা, মহিলাদের ৪০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের ৩০০ টাকা জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত ক্ষেত্রে আবেদনমূল্যের পরিমাণ সামান্য কম। পুরুষদের ক্ষেত্রে ৪০০ টাকা, মহিলাদের ক্ষেত্রে ৩০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা স্থির করা হয়েছে। ন্যূনতম বয়স হতে হবে ১৭ বছর। মেরিন ইঞ্জিনিয়ারিং বাদে অন্য বিষয়ের ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। যদিও মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। পাশাপাশি, তাঁদের চলতি বছরেই উত্তীর্ণ হতে হবে দ্বাদশের পরীক্ষায়। ন্যূনতম নম্বর থাকতে হবে ৬০ শতাংশ।