Police Commissioner of Kolkata

লালবাজারে এলেন কমিশন নিযুক্ত কলকাতার নতুন সিপি অজয়, তার আগেই বেরিয়ে যান অপসারিত সুপ্রতিম

ভোটঘোষণার পর পরই রাজ্যের প্রশাসনিক স্তরে রদবদল করেছিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে বদলে ‘চমক’ ছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশেও রদবদল করে কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৫:৫৮
Share:

(বাঁ দিকে) অজয়কুমার নন্দ এবং সুপ্রতিম সরকার (ডান দিকে)। — ফাইল চিত্র।

লালবাজারে এলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার (সিপি) অজয়কুমার নন্দ। ঘড়িতে তখন দুপুর ২টো ৫ মিনিট। অজয়ের গাড়ি প্রবেশ করে লালবাজারে। তবে বেশি ক্ষণ তিনি ছিলেন না সেখানে। মিনিট ২০ পর আবার লালবাজার থেকে বেরিয়েও যায় অজয়ের গাড়ি। আবার কিছু ক্ষণ পর ফিরে আসেন লালবাজারেই। অজয়ের লালবাজারের আসার আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন কলকাতার অপসারিত সিপি সুপ্রতিম সরকার।

Advertisement

ভোটঘোষণার পর পরই রাজ্যের প্রশাসনিক স্তরে রদবদল করেছিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে বদলে ‘চমক’ ছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশেও রদবদল করে কমিশন। কলকাতার নগরপাল বদলের নির্দেশ দেয়। সুপ্রতিমের জায়গায় অজয়কে দায়িত্ব নিতে বলে কমিশন। দুপুর ৩টের মধ্যের দায়িত্বভার গ্রহণের নির্দেশ ছিল। তবে তার প্রায় ঘণ্টাখানেক আগেই লালবাজারে পৌঁছোন ১৯৯৬ ব্যাচের আইপিএস অজয়।

লালবাজার থেকে বেরিয়ে অজয় সোজা চলে যান ডোরিনা ক্রসিংয়ে। উল্লেখ্য, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং অপ্রতুলতার প্রতিবাদে সোমবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে তিনি প্রতিবাদ মিছিল করবেন। কলেজ স্কোয়্যার থেকে তাঁর মিছিল এসে পৌঁছোবে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। সেখানেই সভা করার কথা তাঁর। লালবাজার থেকে বেরিয়ে কলকাতার নতুন সিপি ডোরিনা ক্রসিংয়ে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন সেখানে থাকা পুলিশ আধিকারিকের সঙ্গে। তার পরে আবার ফিরে আসেন লালবাজারে।

Advertisement

শুধু কলকাতার সিপি বদল নয়, রাজ্য পুলিশের উচ্চস্তরের উল্লেখযোগ্য রদবদল করেছে কমিশন। রাজ্যের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত ডিজি করা হয়েছে সিদ্ধনাথ গুপ্তকে। এ ছাড়াও, রাজ্য পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) এবং ডিজি (কারা) পদেও পরিবর্তন করা হয়েছে। ডিজি (আইনশৃঙ্খলা) পদে ছিলেন বিনীত গোয়েল। তাঁকে সরিয়ে নতুন এডিজি (আইনশৃঙ্খলা) করা হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে। ডিজি (কারা) পদে নিয়োগ করা হয়েছে নটরাজন রমেশ বাবুকে।

রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ-সহ দেশের চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। বাকি চার রাজ্যে এক দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে দু’দফায়। ২৩ এবং ২৯ এপ্রিল। ভোটঘোষণার পরই রাজ্যে চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধি। এই সময়ে কমিশনের হাতে বিশেষ ক্ষমতা ন্যস্ত থাকে। রাজ্য সরকারের আমলা, আধিকারিক, পুলিশকর্তাদের বদলির নির্দেশ দিতে পারে কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement