West Bengal Elections 2026

আপ প্রসঙ্গেও মাকেন কি দুষলেন তৃণমূলকে

সম্প্রতি রাঘব চাড্ডা-সহ আপ-এর ৭ জন সাংসদ যোগ দিয়েছেন বিজেপিতে। সেই প্রসঙ্গে ডাকা সাংবাদিক সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন কংগ্রেস নেতা। এর আগে একাধিক বার কংগ্রেসকে সমর্থন করতে দেখা গিয়েছে আপ-কে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৯:১৮
Share:

অজয় মাকেন। — ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বাংলায় প্রচার করছেন আপ নেতা অরবিন্দ কেজরীওয়াল। গত কাল কলকাতায় দাঁড়িয়ে রাহুল গান্ধীকে নিশানা করতেও দেখা গিয়েছে তাঁকে। আজ নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা অজয় মাকেন গত লোকসভা নির্বাচনে আপ-কে ‘ইন্ডিয়া’ শিবিরে ধরে রাখার প্রশ্নে নাম না করে দুষলেন তৃণমূলকেই।

সম্প্রতি রাঘব চাড্ডা-সহ আপ-এর ৭ জন সাংসদ যোগ দিয়েছেন বিজেপিতে। সেই প্রসঙ্গে ডাকা সাংবাদিক সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন কংগ্রেস নেতা। এর আগে একাধিক বার কংগ্রেসকে সমর্থন করতে দেখা গিয়েছে আপ-কে। আজ যে আপ-কে বিজেপির ‘বি টিম’ হিসাবে দেগে দিচ্ছে কংগ্রেস, তারা তখন কি চোখ বুজে ছিল? এই প্রশ্নের উত্তরে মাকেনের বক্তব্য, “আমরা মাত্র দু’বার সমর্থন করেছি আপ-কে। প্রথম বার ২০১৪ সালে দিল্লির ভোটে। কিন্তু সেই সমর্থন ভোট পূর্ববর্তী ছিল না। তাদের সরকারকে আমরা সমর্থন দিই। দ্বিতীয় বার ২০২৪ সালের লোকসভা ভোটে ইন্ডিয়া শিবিরে আসে আপ। কিন্তু সে জন্য ইন্ডিয়া শিবিরের অন্য দলের পক্ষ থেকে আমাদের উপরে চাপ ছিল। ইন্ডিয়া শিবিরকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে আমরা তা মেনে নেই। আমাদের দলের কারও কারও সমর্থন ছিল এটাও ঠিক। তবে আপ-কে সঙ্গে রাখা আমাদের ভুল হয়েছে।”

গত দু’বছরে সংসদীয় রাজনীতিতে বিরোধী জোটের সমন্বয়ে প্রকাশ্যেই আপ-এর হয়ে ব্যাট করে গিয়েছে তৃণমূল। কংগ্রেস কেজরীওয়ালের দল সম্পর্কে স্বচ্ছন্দ নয় বলে বিভিন্ন ভোটাভুটি, প্রতিবাদ-ধর্না এবং আলোচনায় আপ-কে জোটের ভিতরে রেখেছে তৃণমূলই। এটাও ঘটনা, কেজরীওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক ইন্ডিয়া শিবির গঠন হওয়ার বহু আগে থেকেই। আজ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের এক শীর্ষ নেতার বক্তব্য, “মাকেন তাঁর নিজের মতামত জানিয়েছেন। তিনি নিজে দিল্লির নেতা এবং দিল্লির রাজনীতিতে কংগ্রেস সম্পূর্ণ ব্যর্থ। নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় মাকেন যা বলার বলছেন। কংগ্রেস দলের অনেকেই চেয়েছিলেন ২০২৪ সালের লোকসভা ভোটে আপ বিরোধী জোটে থাকুক।”

মাকেন বলছেন এবং তৃণমূলও মনে করছে, কংগ্রেসের সঙ্গে আপ-এর সম্পর্ক চিরতরে খারাপ হয়ে গেল। সে ক্ষেত্রে ভবিষ্যতে ইন্ডিয়া শিবিরের চেহারা কেমন হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রসঙ্গত গত কাল কলকাতায় এক প্রশ্নের উত্তরে কেজরীওয়াল বলেন, “মনে হচ্ছে রাহুল গান্ধী ও বিজেপি একসঙ্গে মিলে ভোট লড়ছেন। রাহুল গান্ধীকে ভেবে দেখতে হবে তিনি কার বিরুদ্ধে লড়ছেন। বিজেপির বিরুদ্ধে, না কি আমাদের মতো আঞ্চলিক দলগুলির বিরুদ্ধে? প্রতিটা রাজ্যে এই জিনিস দেখা যাচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন