West Bengal Elections 2026

অভিযুক্ত ২৩ শতাংশ, কোটিপতি ৩২১ জন

গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের ভোটে দাঁড়ানো নিয়ে অনেকেই নানা প্রশ্ন তুলেছেন। তবে বিরোধী দলের নেতাদের বক্তব্য, বহু ক্ষেত্রেই শাসক দল এবং সরকার বিরোধীদের দমন করার জন্য ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৭:৫১
Share:

—প্রতীকী চিত্র।

রাজ্যের বিধানসভা ভোটে দ্বিতীয় দফায় যুযুধান প্রার্থীদের মধ্যে ২৩ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। ২০ শতাংশ প্রার্থী গুরুতর ফৌজদারি মামলা আছে। অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রাইটস (এডিআর) এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ দ্বিতীয় দফার প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই রিপোর্ট প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এই দফায় মোট ১৪৪৫ জন প্রার্থী লড়ছেন। তার মধ্যে ১৬ জন খুনে অভিযুক্ত, ৮০ জন খুনের চেষ্টায় এবং ২ জনের বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর মামলা আছে।

রিপোর্টে জানানো হয়েছে যে এই দফার প্রার্থীদের মধ্যে ৩২১ জন কোটিপতি। তার মধ্যে সর্বাধিক কোটিপতি তৃণমূলের প্রার্থী তালিকায় আছেন। প্রার্থীদের মধ্যে সব থেকে ধনী বিজেপির প্রার্থী পলাশ রানা। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১০৪ কোটি টাকা। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে তৃণমূলের সমীর চক্রবর্তী (৭৬ কোটি) এবং জাভেদ আহমেদ খান(৩৯.৫ কোটি)।

গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের ভোটে দাঁড়ানো নিয়ে অনেকেই নানা প্রশ্ন তুলেছেন। তবে বিরোধী দলের নেতাদের বক্তব্য, বহু ক্ষেত্রেই শাসক দল এবং সরকার বিরোধীদের দমন করার জন্য ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেয়। তার ফলেই এই অভিযোগ বয়ে বেড়াতে হয়। দ্বিতীয় দফায় বিজেপির ১০২ জন প্রার্থী অভিযুক্ত। তবে দেখা গিয়েছে, তৃণমূলের ১৪২ জন প্রার্থীর মধ্যে ৪৯ জন ফৌজদারি মামলায় অভিযুক্ত এবং তার মধ্যে ৪২ জন গুরুতর মামলায় অভিযুক্ত।

রিপোর্টে প্রকাশিত, সব থেকে বেশি কোটিপতি প্রার্থী তৃণমূলের তালিকায়। তাদের ১৪২ জনের মধ্যে ১০৩ জন কোটিপতি। বিজেপির ১৪১ জনের মধ্যে ৭৩ জন কোটিপতি। কংগ্রেসের ১৪২ জনের মধ্যে ৩৬ জন কোটিপতি। এই দফায় সিপিএম ১০০টি আসনে প্রার্থী দিয়েছে। তাদের ৩৩ জন কোটিপতি প্রার্থী আছেন। এই দফায় তিনজন এমন প্রার্থী আছেন যাঁরা নিজেদের সম্পত্তি ‘শূন্য’ বলে হলফনামায় ঘোষণা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন