West Bengal Elections 2026

পুরনো ভোটার তালিকায় ভোট হোক, ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিন, তার পরেও বিজেপি জিতছেই: শমীক

বুধবার হুগলির হরিপালে রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছিলেন শমীক ভট্টাচার্য। সেখানে ট্রাইবুনাল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিজেপি কমিশনের ভরসায় নি‌র্বাচন লড়তে নামেনি।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৫:১০
Share:

শমীক ভট্টাচার্য। —ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইবুনালে যে ভোটারদের তথ্য নিষ্পত্তি হয়েছে, তাঁদের নাম প্রকাশ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার তালিকায় ১৩৬ জনের নাম বেরিয়েছে। বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি তথা সমগ্র এসআইআর প্রক্রিয়া নিয়ে যখন তৃণমূল প্রশ্ন তুলেছে, তখন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, তারা এ নিয়ে ভাবিত নন। আত্মবিশ্বাসী শমীকের দাবি, ‘‘পুরনো ভোটার তালিকা দিয়ে ভোট করালেও রাজ্যে বিজেপি জিতবে। তৃণমূল চলে গিয়েছে।’’

Advertisement

বুধবার হুগলির হরিপালে রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছিলেন শমীক। সেখানে ট্রাইবুনাল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিজেপি কমিশনের ভরসায় নি‌র্বাচন লড়তে নামেনি।’’ তাঁর সংযোজন, ‘‘ইডি-সিবিআইয়ের দরজায় তালা লাগিয়ে দিন। নির্বাচন কমিশনকে বলুন, এই মুহূর্তে পুরনো লিস্টে ভোট করাতে। ওই ৯০ লক্ষ মানুষের নাম যোগ করতে। তার পরেও বিজেপি জিতবে।’’

হরিপালের বিজেপি প্রার্থী মধুমিতা ঘোষের সমর্থনে রোড শো করার সময় তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে ইডি তলব থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অভিযানের সঙ্গে বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন শমীক। পাশাপাশি, ইডি-সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘‘এ নিয়ে (ইডি-সিবিআই অভিযান) পশ্চিমবঙ্গবাসীর কোনও উৎসাহ আছে? কারও কোনও জিজ্ঞাস্য আছে? নির্বাচন চলছে। ইডি-সিবিআই তাদের কাজ করছে। মানুষ তৃণমূল নামক অভিশাপ থেকে মুক্তি চান। তৃণমূল চলে গিয়েছে।’’ তাঁর সংযোজন, ‘‘ইডি, সিবিআইয়ের কোনও কাজে মানুষ সন্তুষ্ট নয়, আমরাও সন্তুষ্ট নই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement