WB Elections 2026

মোদীর সভার আগে হলদিয়ায় ‘খুন’ বিজেপি কর্মী! হলদি নদীর ধার থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, নিখোঁজ ছিলেন মঙ্গলবার থেকে

বুধবার হলদি নদীর ধারে মহাদেবের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পরিবারের দাবি, খুনই করা হয়েছে মহাদেবকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৯:০৫
Share:

— প্রতীকী চিত্র।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার ঠিক আগের দিনই হলদিয়ায় এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল। নিহতের নাম মহাদেব বিশ্বাস। বুধবার হলদিয়ার বালুঘাটায় হলদি নদীর ধারে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পরিবারের দাবি, খুনই করা হয়েছে মহাদেবকে।

Advertisement

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন মহাদেব। নিহতের স্ত্রী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু আর ফেরেননি। তিনি বলেন, “এটা খুনই হয়েছে। গলা ফুলে আছে। হাতে কাটা আছে।” স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, একটি পরিকল্পিত খুন। এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে মানতে নারাজ তাঁরা।

দেহ উদ্ধারের ঘটনার পরে নিহতের স্ত্রী তাঁদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে চাইছেন না। তবে জানা যাচ্ছে, মঙ্গলবারও এলাকায় বিজেপির পতাকা লাগাতে দেখা গিয়েছে মহাদেবকে। বিজেপির শিবিরের দাবি, মহাদেব বিজেপি কর্মী ছিলেন। এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই নির্বাচনের আগে ভয়ের বাতাবরণ তৈরির জন্য মহাদেবকে খুন করেছে বলে অভিযোগ বিজেপির।

Advertisement

যদিও এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলেই দাবি তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকদের। তাঁদের দাবি, “নিহতের স্ত্রী কখনওই বলেননি তাঁরা বিজেপি করেন। বিজেপি-ই বার বার বলছে, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।”

তবে বুধবার এই দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাপানউতর সৃষ্টি হয়েছে। বিশেষ করে মোদীর সভার ঠিক আগেই এই দেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সকালে হলদিয়ায় সভা করার কথা রয়েছে মোদীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement