West Bengal Assembly Election 2026

প্রথম দফার ভোটের স্লিপ বিলির সময় বাঁধল কমিশন, রাজনৈতিক দল নয়! বাড়ি বাড়ি ঘুরবেন বিএলও-রা

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। ১৫২টি কেন্দ্রে ওই দিন ভোট হবে। তার আগে বিএলও-দের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৮:৪১
Share:

ভোটের স্লিপ বিলি করতে হবে বিএলও-দের। —ফাইল চিত্র।

প্রথম দফার নির্বাচনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস) বিলি করার সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। আগেই জানানো হয়েছিল, এ বার আর কোনও রাজনৈতিক দল নয়। স্লিপ বিলি করতে হবে বুথ লেভেল অফিসারদেরই (বিএলও)। বুধবার কমিশন জানিয়েছে, আগামী শনিবারের মধ্যে প্রথম দফার ভোটের সমস্ত স্লিপ বিলি করে ফেলতে হবে। ভোটগ্রহণের অন্তত পাঁচ দিন আগে ভোটারেরা যেন স্লিপ হাতে পান, তা নিশ্চিত করবেন বিএলও-রা। এই স্লিপের মধ্যে বিশেষ কিউআর কোডও থাকবে।

Advertisement

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। ১৫২টি কেন্দ্রে ওই দিন ভোট হবে। তার পাঁচ দিন আগে শনিবার, ১৮ এপ্রিলের মধ্যে বিএলও-দের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করতে হবে।

বরাবরই ভোটের স্লিপ বিলি করা বিএলও-দের কাজ। কিন্তু অনেক জায়গাতেই তাঁরা তা করতেন না। পরিবর্তে রাজনৈতিক দলগুলি স্লিপ বিলি করত। কোনও কোনও ক্ষেত্রে এই স্লিপের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে। এ বার বিএলও-দের এই কাজ করা বাধ্যতামূলক করেছে কমিশন। বিএলও ছাড়া বেআইনি ভাবে অন্য কেউ এই স্লিপ রাখলে জনপ্রতিনিধি আইনে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।

Advertisement

বিএলও-দের কাছে ভোটার স্লিপগুলির মধ্যে যে কিউআর কোড থাকবে, তার মাধ্যমে ভোটারদের তথ্য যাচাই করা যাবে। স্থানীয় ভাষায় লেখা স্লিপগুলির মধ্যে থাকবে ভোটারের নাম ও তথ্য, ভোটকেন্দ্রের ঠিকানা, ভোটের তারিখ, সময়, বুথের মানচিত্র। এ ছাড়া, ভোট দিতে গিয়ে কী করা উচিত এবং কী করা উচিত নয়, স্পষ্ট ভাবে স্লিপে উল্লেখ করা থাকবে। কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্লিপ প্রত্যেক ভোটারের হাতে পৌঁছে দিতে হবে। যাতে আগে থেকেই তাঁরা বুথ, সময় এবং অন্যান্য তথ্য জানতে পারেন।

রাজনৈতিক দল স্লিপ বিলি করতে না-পারলেও প্রার্থী বা তাঁদের প্রতিনিধিরা স্লিপ বিলির সময় বিএলও-দের সঙ্গে থাকতে পারবেন বলে জানিয়েছে কমিশন। গোটা প্রক্রিয়া তাঁরা পর্যবেক্ষণ করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement