Fire at Abhishek Banerjee's Sabha

অভিষেক মঞ্চ ছাড়ার কিছু ক্ষণের মধ্যে অগ্নিকাণ্ড! লাভপুরে তৃণমূলের জনসভায় হুড়োহুড়ি, অল্পের জন্য বিপদ থেকে রক্ষা

প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। মঞ্চে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগ থেকে দুর্ঘটনা হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৭:২৮
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে অগ্নিকাণ্ড। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে অগ্নিকাণ্ড! শনিবার বিকেলে এ নিয়ে চাঞ্চল্য ছড়াল বীরভূমের লাভপুরে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আর্থিক ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

Advertisement

শনিবার লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহের সমর্থনে জনসভা ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের। কর্মী-সমর্থকদের ভিড় ছিল ভালই। রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন অভিষেক। স্বভাবসিদ্ধ ঢঙে বিজেপিকে নিশানা করেন। বক্তৃতা শেষ করে মঞ্চ ছাড়ার কিছু ক্ষণের মধ্যেই অঘটন হয়। সভামঞ্চ থেকে আগুন ছড়িয়ে পড়তে থাকে সামনের দিকে। হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রাণভয়ে অনেকে দৌড়ে পালাতে শুরু করেন। তবে কিছু ক্ষণ পরেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্বেচ্ছাসেবক, আয়োজক এবং পুলিশ কর্মীরা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। মঞ্চে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগ থেকে দুর্ঘটনা হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। জানা গিয়েছে, কয়েক মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ ভাবে নেবানো সম্ভব হয়েছে।

Advertisement

তবে অগ্নিকাণ্ডের জেরে সভাস্থলে উত্তেজনা ছড়িয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। জনসভায় নিরাপত্তা এবং বৈদ্যুতিক ব্যবস্থাপনার কোনও ফাঁকফোঁকর ছিল কি না দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement