WB Elections 2026

জিতবেন মমতাই: ওমর

এ বার মমতা পাশে দাঁড়ালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স(এনসি) নেতা ওমর আবদুল্লা। পশ্চিমবঙ্গে অনেক বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৫:১৯
Share:

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওমর আবদুল্লা (ডান দিকে)। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে প্রচারে শুরু থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পেয়েছেন অকংগ্রেসি বিরোধী নেতাদের। তৃণমূলের হয়ে বঙ্গে প্রচার করে গিয়েছেন অরবিন্দ কেজরীওয়াল, তেজস্বী যাদব, হেমন্ত সোরেনেরা। এ বার মমতা পাশে দাঁড়ালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স(এনসি) নেতা ওমর আবদুল্লা। পশ্চিমবঙ্গে অনেক বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বুথ ফেরত সমীক্ষা কবে আর মিলল যে এ নিয়ে মাতামাতি করতে হবে? পাঁচ বছর আগে পশ্চিমবঙ্গের ভোটে তো সব সমীক্ষা বিজেপি-কে ক্ষমতায় বসিয়ে দিয়েছিল। আপাতত সোমবার পর্যন্ত অপেক্ষা করা যাক। সমস্ত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন।’’

প্রসঙ্গত, কয়েকদিন আগেই এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওমর অভিযোগ তুলেছিলেন, বাংলায় ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। প্রথম দফার ভোটের পর সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘‘যাঁরা বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি সুবিধাজনক জায়গায় রয়েছে তাঁরা হয় গেরুয়া শিবিরের তৈরি করা প্রেস নোট থেকে বলছেন অথবা সঠিক তথ্য ও পরিসংখ্যান তাঁদের কাছে নেই। ভোটদানের পরিমাণ বেড়েছে কারণ কমিশন মোট ভোটদাতার সংখ্যা কমিয়েছে। এসআইআর করে অনেক ভোটারকে সরিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচনী কেন্দ্র থেকে ২৫ শতাংশ ভোট কেটে দেওয়া হয়েছে।’’ এনসি নেতার বক্তব্য, বাংলায় অন্তত ৭০টি আসনে যত ভোটারকে সরানো হয়েছে, সেটা গত বারের ভোটে ওই আসনগুলিতে বিজেপি-র পরাজয়ের ব্যবধানের থেকে বেশি। অর্থাৎ ৭০টি আসনে জয় পরাজয়ের ব্যবধান ঘুচিয়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন