—প্রতীকী চিত্র।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে জল ভেবে আগাছানাশক খেয়েছিলেন। বাড়ি ফেরার পরে গুরুতর অসুস্থ হলেন শবর সম্প্রদায়ের চল্লিশ জন। শনিবার রাত পর্যন্ত তাঁদের মধ্যে ১৭ জনকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অসুস্থদের মধ্যে রয়েছে দু’বছরের এক শিশুও। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
এ দিন ঝাড়গ্রাম শহরের জামদা সার্কাস ময়দানে মুখ্যমন্ত্রীর সভায় গিয়েছিলেন ঝাড়গ্রাম বিধানসভার মানিকপাড়া অঞ্চলের শিমূলডাঙা গ্রামের শবরেরা। ফেরার পথে তাঁদের কয়েক জন জমির আগাছানাশক কিনেছিলেন। বাসের মধ্যেই সেই আগাছানাশকের পাত্র রাখা ছিল। স্থানীয় সূত্রের দাবি, সভা থেকে সেই বাসে ফেরার পথে শবরদের কয়েক জন ওই পাত্রে জল আছে ভেবে খেয়ে ফেলেন। গ্রামে ফেরার পরে অনেকে অসুস্থ বোধ করেন। বমি, খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়। তড়িঘড়ি অসুস্থদের মানিকপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সরানো হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মেডিক্যাল কলেজের সুপার অনুরূপ পাখিরা বলেন, “এখনও পর্যন্ত ১৭ জনকে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে।”
খবর পেয়ে ঝাড়গ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী মঙ্গল সরেন ও বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ হাসপাতালে গিয়েছিলেন। মঙ্গল মানছেন, “আগাছানাশক জল ভেবে খাওয়ার ফলেই এমন পরিস্থিতি। দলের কর্মীরাই অসুস্থদের হাসপাতালে নিয়ে আসেন।” বিজেপি প্রার্থীর কথায়, “অসুস্থদের দেখতে এসেছি। তবে এই ঘটনায় অন্য কিছু থাকলে তদন্ত হওয়া উচিত।” জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মুর বক্তব্য, “দল গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে