West Bengal Assembly Election 2026

মমতার ভবানীপুরে ৫০ হাজার ছাড়িয়ে গেল বাদ পড়া ভোটারের সংখ্যা! বিবেচনাধীন তালিকার কত নাম কাটলেন বিচারকেরা

এর আগে ভবানীপুরের ভোটার তালিকা থেকে ৪৭ হাজারের বেশি নাম কাটা হয়েছিল। ওই কেন্দ্রে ১৪ হাজার ১৫৪ জন ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় ছিল। সেখান থেকেও বেশ কিছু নাম বাদ পড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ২২:৩০
Share:

৫০ হাজারের বেশি নাম বাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র থেকে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা ৫০ হাজারের গণ্ডিও ছাড়িয়ে গেল! বিবেচনাধীন তালিকা থেকেও অনেক নাম বাদ পড়েছে বলে খবর। এর আগে ভবানীপুরের ভোটার তালিকা থেকে ৪৭ হাজারের বেশি নাম কাটা হয়েছিল। নতুন করে বিবেচনাধীন তালিকার বাদের হিসাব যোগ হওয়ায় মোট নাম ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে।

Advertisement

ভবানীপুর কেন্দ্রের ১৪ হাজার ১৫৪ জন ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় ছিল। এই নামগুলি যাচাই করে নিষ্পত্তি করেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। সেখান থেকেই আরও ৩৫০০ নাম কেটে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিচারকেরা নির্দিষ্ট পদ্ধতিতে তথ্য যাচাই এবং নিষ্পত্তি করে এই নামগুলি বাদ দিয়েছেন। এর আগে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা মিলিয়ে ভবানীপুর থেকে মোট বাদ গিয়েছিল ৪৭ হাজার ১১২ জনের নাম। বিবেচনাধীন তালিকার নিষ্পত্তির পর বাদ পড়া নামের সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৬১২।

গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যখন এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল, তখনও ৬০ লক্ষাধিক নাম বিবেচনাধীন ছিল। ধাপে ধাপে নিষ্পত্তির মাধ্যমে অতিরিক্ত তালিকা প্রকাশ করে কমিশন। বিবেচনাধীন তালিকা থেকে গোটা রাজ্যে মোট ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে। সবচেয়ে বেশি নাম কাটা পড়েছে মুর্শিদাবাদ থেকে। বিবেচনাধীন তালিকার হিসাব প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে, রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় সব মিলিয়ে প্রায় ৯১ লক্ষ ভোটারের (৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জন) নাম বাদ গেল।

Advertisement

তথ্যগত অসঙ্গতির নিষ্পত্তি নিয়ে রাজ্য সরকার এবং কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে কলকাতা হাই কোর্টকে দায়িত্ব দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাই কোর্ট নিযুক্ত বিচারক এবং বিচারবিভাগীয় আধিকারিকেরাই বিবেচনাধীন তালিকার নামগুলির নিষ্পত্তি করেন। এই তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ট্রাইবুনালে আবেদন জানাতে পারছেন। তবে ভোটাধিকার মিলবে কি না, এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে বেশ কয়েকটি আবেদনে রায় দিয়েছে ট্রাইবুনাল। কিছু কিছু ক্ষেত্রে বাদ পড়া নাম ভোটার তালিকায় ফেরানোর নির্দেশও দেওয়া হয়েছে। তবে এত ভোটারকে বাদ দিয়ে কী ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণ হতে পারে, প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচন হবে। ভোটের ফলাফল জানা যাবে ৪ মে।

ভবানীপুরে ভোট হবে ২৯ এপ্রিল। এই কেন্দ্রে প্রার্থী মমতা নিজেই। এ ছাড়া, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি এই কেন্দ্র থেকেও লড়ছেন। তাঁদের দ্বৈরথ দেখা যাবে ভবানীপুরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement