West Bengal Election 2026

নাগরিকত্ব-প্রশ্নে নীরব মোদী, হতাশ মতুয়াদের একাংশ

উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দা শ্যামল গায়েনের ক্ষোভ,‘‘স্ত্রীর নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। ভেবেছিলাম, প্রধানমন্ত্রী আমাদের নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেবেন। তেমন কিছুই শুনলাম না।’’

সীমান্ত মৈত্র   , সম্রাট চন্দ

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৯:০৬
Share:

মোদী আসছেন। হেলিকপ্টার দেখে ব্রিগেডে উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের। শনিবার। ছবি: স্বাতী চক্রবর্তী।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। ‘সিএএ’ (সংশোধিত নাগরিকত্ব আইন)-তে আবেদন করলে নাগরিকত্ব পেয়ে ভোটার তালিকায় নাম ওঠার প্রতিশ্রুতি মিলেছে। কিন্তু ২০২৬ সালের ভোটে তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কি না, সংশয় কাটেনি উত্তর ২৪ পরগনা, নদিয়ার বহু মতুয়ার। অনেকেরই আশা ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের সভা থেকে তাঁদের ভোটাধিকার নিয়ে আশ্বস্ত করবেন। শনিবারের বক্তৃতায় মতুয়াদের নামও নেননি মোদী!

প্রধানমন্ত্রী এ দিন বলেন, “অনুপ্রবেশকারীদের জন্য বাংলার 'রোটি, বেটি, মাটি' আজ বিপদের মুখে দাঁড়িয়ে। এরা বাংলার রোজগার ছিনিয়ে নিচ্ছে। বাংলার জনবিন্যাস বদলে গিয়েছে। বাঙালি হিন্দুদের সংখ্যালঘু বানানো হচ্ছে। তোষণের রাজনীতির খোলা খেলা চলছে। শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার সময়ে তৃণমূল তার বিরোধিতা করেছে। কারণ, তৃণমূলের কাছে ভোট-ব্যাঙ্কই প্রধান। হিন্দুদের ভোট-ব্যাঙ্ক ভাবে না তারা।’’

উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দা শ্যামল গায়েনের ক্ষোভ,‘‘স্ত্রীর নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। ভেবেছিলাম, প্রধানমন্ত্রী আমাদের নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেবেন। তেমন কিছুই শুনলাম না।’’ গাইঘাটার মতুয়া-ভক্ত সুরেশ বিশ্বাসের হতাশা, ‘‘কয়েক মাস আগে সিএএ-তে আবেদন করেও নাগরিকত্ব পাইনি। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। আমরা এ বার ভোট দিতে পারব কি না, আদৌ তালিকায় ফের নাম উঠবে কি না— সে সব নিয়ে প্রধানমন্ত্রী কোনও কথাইবললেন না!’’

গাইঘাটার বিজেপি বিধায়ক ও একটি ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-এর সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর বলেন, ‘‘প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন। তৃণমূল এখনও ভুল বুঝিয়ে মতুয়াদের নাগরিকত্বের আবেদন করতে বিভ্রান্ত করছে।’’ তবে তাঁর আশ্বাস, ‘‘ফর্ম-৬ পূরণ করে সকলেই ভোটার তালিকায় নাম তুলবেন। নাগরিকত্ব দ্রুত দেওয়ার কাজও শুরু হবে।’’ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ মতুয়া সংগঠনের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি প্রবীণ হালদারের মতে, তৃণমূল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে শুরু থেকে মানুষকে বিভ্রান্ত করেছে।

পক্ষান্তরে, তৃণমূল ঘেঁষা মতুয়া সংগঠনের নদিয়া জেলা সভাপতি প্রমথরঞ্জন বসুর প্রতিক্রিয়া, ‘‘মতুয়ারা হতাশ। আজ প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে মতুয়াদের নিয়ে, তাঁদের নাম বাদ পড়া নিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন না।” আর একটি ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-এর সঙ্ঘাধিপতি ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেন, ‘‘প্রধানমন্ত্রী মতুয়াদের পিঠে ছুরি মেরেছেন। মতুয়াদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। তাই ওঁর কিছু বলার মুখ নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন