WB Elections 2026

বিবেচনাধীনদের প্রথম বিচারপর্ব শেষ হওয়ার কথা সোমে! একই দিনে সুপ্রিম কোর্টে শুনানি, ইতি হবে প্রথম দফার মনোনয়নেরও

গত দুই সপ্তাহ ধরে কমিশন বুথ ধরে ধরে বিবেচনাধীনদের মধ্যে নিষ্পত্তি হওয়াদের তালিকা প্রকাশ করছে। তবে যাঁদের নিষ্পত্তি হচ্ছে, তাঁদের মধ্যে কত জনের নাম ভোটার তালিকায় জুড়েছে, কত জনের নাম বাদ গিয়েছে— সেই তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ২২:৩৭
Share:

ভোটার তালিকায় তথ্যযাচাই। —ফাইল চিত্র।

রাজ্যে ভোটার তালিকার বিবেচনাধীনদের প্রথম বিচারপর্ব মিটে যাওয়ার কথা সোমবারের মধ্যেই। শনিবার পর্যন্ত প্রায় ৫৭ লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি হয়ে গিয়েছে। কমিশন সূত্রে খবর, বিবেচনাধীনদের তথ্য যাচাইয়ের কাজ প্রায় শেষের দিকে। রবিবারই প্রকাশিত হয়েছে একাদশতম অতিরিক্ত তালিকা। এর পরেও যাঁদের নাম বিবেচনাধীন থেকে যাবে, সেই অবশিষ্টাংশেরও নিষ্পত্তি হয়ে যাবে সোমবারের মধ্যেই। প্রাথমিক এই বিচারপর্বের পরেও যাঁদের কোনও অভিযোগ থাকবে, তাঁরা বিচার চেয়ে ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।

Advertisement

২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকার প্রথম অংশ প্রকাশ করেছিল কমিশন। তখন বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। সেই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিবেচনাধীনদের মধ্য থেকে নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে বার করছে কমিশন। গত ২৩ মার্চ রাত থেকে অতিরিক্ত তালিকা প্রকাশ শুরু হয়েছে। সোমবারের মধ্যেই সেই বিবেচনাধীনদের প্রথম বিচারপর্ব মিটিয়ে ফেলতে পারে কমিশন।

গত দুই সপ্তাহ ধরে কমিশন বুথ ধরে ধরে বিবেচনাধীনদের মধ্যে নিষ্পত্তি হওয়াদের তালিকা প্রকাশ করছে। তবে যাঁদের নিষ্পত্তি হচ্ছে, তাঁদের মধ্যে কত জনের নাম ভোটার তালিকায় জুড়েছে, কত জনের নাম বাদ গিয়েছে— সেই তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। সোমবার সেই তথ্য জানানোর কথা কমিশনের।

Advertisement

সোমবারই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে বিকেলের দিকে উঠতে পারে মামলাটি। বিবেচনাধীনদের তালিকা নিয়ে সর্বশেষ কী পরিস্থিতি রয়েছে, সে বিষয়ে কমিশনের বক্তব্য শুনতে পারে সুপ্রিম কোর্ট।

প্রাথমিক বিচারপর্বে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের মধ্যে যে এক জন হলেও প্রকৃত ভোটার রয়েছেন— তা স্পষ্ট করে দিয়েছে ট্রাইবুনালের প্রথম শুনানি এবং তার রায়। মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম বাদ পড়েছিল ভোটার তালিকা থেকে। ট্রাইবুনাল জানিয়েছে, মহতাবের নাম ভোটার তালিকায় ফেরাতে হবে। এটিই ট্রাইবুনালের প্রথম রায়। ধরে নেওয়া যেতে পারে, এমন আরও নাম বাদের তালিকায় রয়েছে। এবং সেগুলি খতিয়ে দেখার জন্যই ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। নাম বাদ যাওয়ার পরে যাঁরা ট্রাইবুনালে আবেদন করেছেন, সেই অংশের কথা সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে আসে কি না, তা-ও এখন দেখার।

Advertisement

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। উত্তরবঙ্গের সবগুলি বিধানসভা কেন্দ্র-সহ রাজ্যের মোট ১৫২টি আসনে ভোট হবে ওই দিন। সোমবারই তার জন্য প্রার্থীদের মনোনয়ন জমার শেষ দিন। প্রথম দফার আসনগুলিতে ইতিমধ্যে বেশির ভাগ প্রার্থী মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন। সোমবার মনোনয়ন পর্বের শেষ দিনে কী পরিস্থিতি থাকে, সে দিকে নজর থাকবে সকলের। একই সঙ্গে নজর থাকবে কমিশনের পদক্ষেপের দিকেও। কমিশন আগেই জানিয়েছিল, কত জনের নাম বিবেচনাধীন থেকে ভোটার তালিকায় জুড়ল বা কত জনের বাদ গেল, তা প্রথম দফার মনোনয়নের শেষ দিনে জানানো হবে। ফলে ৬০ লক্ষের মধ্যে কত জনের নাম ভোটার তালিকায় জুড়েছে, কত জনের বাদ গিয়েছে, তা স্পষ্ট হতে পারে সোমবারই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement