নিউমার্কেটে বুলডোজ়ার নিয়ে বিজয় মিছিল। ছবি: সংগৃহীত।
নিউ মার্কেটে বুলডোজ়ার নিয়ে মিছিলের ঘটনায় আট জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেলেই চার জনের গ্রেফতারির খবর মেলে। সন্ধ্যায় জানা যায়, আরও চার জনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে যথাযথ ধারায় এফআইআর রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় বিজেপির বিজয় মিছিলের অনুমতি ছিল। কিন্তু সেই বিজয় মিছিলে বুলডোজ়ার নিয়ে যাওয়ার কোনও অনুমতি ছিল না। সে ক্ষেত্রে মিছিলে বুলডোজ়ার নিয়ে যাওয়ার নিয়ম ভাঙা হয়েছে বলে জানাচ্ছে পুলিশের ওই সূত্রে। তার জেরেই এফআইআর রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের ভিডিয়ো দেখে ধৃত অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। পাশাপাশি, বুলডোজ়ারের মালিক এবং চালকেরও খোঁজ চালাচ্ছে নিউ মার্কেট থানার পুলিশ।
বুধবার দুপুরে লালবাজারে সাংবাদিক বৈঠক ডেকে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ স্পষ্ট করে দিয়েছেন, জেসিবি (বুলডোজ়ার) নিয়ে মিছিল করা যাবে না। একই সঙ্গে তিনি এ-ও জানান, যে সমস্ত জেসিবি-র মালিক এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। পরে ভবানী ভবন থেকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্তও বুলডোজ়ারের ব্যবহার নিয়ে সতর্ক করে দেন রাজ্যবাসীকে।
বস্তুত, মঙ্গলবার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন সমাজমাধ্যমে নিউ মার্কেটের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, ‘মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে, পুলিশের অনুমতিসাপেক্ষেই, মাংসের দোকান ভাঙতে বুলডোজ়ার আনা হয়েছে। জয়ের উদ্যাপন হিসাবেই তা করা হয়েছে। সিএপিএফ কাছেই দাঁড়িয়ে ছিল। আপনাদের জন্য বিজেপি। সারা দুনিয়া দেখুক এই ছবি।’
ওই ঘটনা প্রসঙ্গে মঙ্গলবারই এক পুলিশ আধিকারিক জানান, বিজয় মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল। তবে বুলডোজ়ার নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ তা দেয়নি। তাঁর কথায়, ‘‘আমরা আইনি পদক্ষেপ করছি। ভাঙচুর করার কোনও খবর নেই। বিষয়টি পুলিশ দেখছে।’’ এর পরে বুধবার সন্ধ্যার মধ্যে ওই ঘটনায় আট জনকে গ্রেফতার করল পুলিশ।