India vs Afghanistan

তিন ম্যাচে দুই শতরান, রোহিতের ঘাড়ের কাছে নিঃশ্বাস যশস্বীর, শর্মা ইংল্যান্ড সফরে সুযোগ পাবেন? মুখ খুললেন শুভমন

আফগানিস্তান সিরিজ়ে কিছুটা ঝুঁকি নিয়েই খেলানো হয়েছিল যশস্বী জয়সওয়ালকে। শতরান করে আস্থার দাম রেখেছেন যশস্বী। ইংল্যান্ড সফরে কি রোহিত শর্মা ওপেনিংয়ে জায়গা ধরে রাখতে পারবেন? সেই নিয়ে মুখ খুললেন শুভমন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ২৩:৩৪
Share:

শুভমন গিল (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। ছবি: পিটিআই।

আফগানিস্তান সিরিজ়ে কিছুটা ঝুঁকি নিয়েই খেলানো হয়েছিল যশস্বী জয়সওয়ালকে। তাঁর জন্য নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দিয়েছিলেন শুভমন গিল। শতরান করে আস্থার দাম রেখেছেন যশস্বী। আফগানিস্তান সিরিজ়ের আগে নিজের শেষ ম্যাচেও শতরান ছিল তাঁর। রোহিত একটি অর্ধশতরান করেছেন। ইংল্যান্ড সফরে কি ওপেনিংয়ে জায়গা ধরে রাখতে পারবেন? সেই নিয়ে মুখ খুললেন শুভমন।

Advertisement

আফগানিস্তানকে চুনকাম করার পর শুভমন বলেছেন, “যখন সবাই ভাল খেলে, তখন সেটা একটা ভাল মাথাব্যথা তো বটেই। কাল বা আগামী দু’দিনের মধ্যে দল ঘোষণা করা হবে। সেই দলের উপর ভিত্তি করে ইংল্যান্ডে প্রথম একাদশ ঠিক করব।” সকলে ফিট থাকলে যশস্বীর কি দলে জায়গা আছে? শুভমনের জবাব, “সকলের ফিটনেস কোন জায়গায় রয়েছে সেটা আগে দেখতে হবে। সকলে ফিট থাকলে যেটা সেরা প্রথম একাদশ, সেটাই নামাব।”

যশস্বীকে আগে সুযোগ দিতে পারায় আক্ষেপ রয়েছে শুভমনের। বলেছেন, “আমরা জানি ও কত বড় ক্রিকেটার। কারওর পক্ষেই সব ম্যাচ খেলা সম্ভব নয়। সকলেই খেলার জন্য তৈরি থাকলে কাউকে বাদ পড়তেই হবে। বিরাট ভাই এই সিরিজ়ে না থাকায় যশস্বীকে দুটো ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল। আজ দারুণ খেলেছে। আশা করি ওর এই ফর্মই বার বার দেখতে পাব। এ ভাবেই সুযোগ কাজে লাগাক।”

Advertisement

ইংল্যান্ডে যাওয়ার আগে আফগানিস্তানকে চুনকাম করতে পেরে তৃপ্ত শুভমন। তাঁর কথায়, “অনেকগুলো জায়গা ঠিক করতে পেরেছি। মাঝের দিকে ওভারে আগ্রাসী ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে। কী ভাবে সুযোগ তৈরি করা যায় সেটা নিয়ে বোলিং বিভাগের সঙ্গে কথা হয়েছে। ব্যাটিং বিভাগের সদস্য হিসাবে বলতে পারি, মাঝের দিকের ওভারে অতিরিক্ত রান নেওয়ার সংখ্যা বাড়াতে হবে। ইংল্যান্ডে গিয়ে যে পরিবেশ পাব, দক্ষিণ আফ্রিকাতেও (যেখানে পরের বছর বিশ্বকাপ হবে) একই পরিবেশ থাকবে। তাই সেই মতো দল খেলাতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement