West Bengal Assembly Election 2026

‘গুরুত্বপূর্ণ অধিকার’! তালিকা ফ্রিজ় হওয়ার পরেও ট্রাইবুনালে ‘পাশ করা’ বাতিল ভোটারদের নিয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট

প্রথম দফার নির্বাচনের ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ়’ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের ভোটার তালিকাও ‘ফ্রিজ়’ করে দেওয়া হয়েছে। এই তালিকা অনুযায়ী ভোট হওয়ার কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১১:৫২
Share:

সোমবার এসআইআর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শিয়রে বিধানসভা নির্বাচন। নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় দুই দফার ভোটার তালিকাই ‘ফ্রিজ়’ করে দেওয়া হয়েছে। কিন্তু এসআইআর-এর বিবেচনাধীন তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আবেদন পুনর্বিবেচনা করে দেখছে ট্রাইবুনাল। এই পরিস্থিতিতে ট্রাইবুনালে ‘পাশ করা’ বাতিল ভোটারদের কী হবে? আদৌ কি তাঁরা ভোট দিতে পারবেন? ট্রাইবুনাল ছাড়পত্র দিলে ‘ফ্রিজ়’ করা ভোটার তালিকায় কি এই নামগুলি অন্তর্ভুক্ত করা হবে? এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ তেমনটাই জানাল।

Advertisement

প্রথম দফার নির্বাচনের ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ়’ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের ভোটার তালিকাও ‘ফ্রিজ়’ করে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, ‘ফ্রিজ়’ করা তালিকাই চূড়ান্ত হিসাবে গণ্য হয়। তার ভিত্তিতেই ভোট হওয়ার কথা। কিন্তু এখনও অনেক ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে বিবেচনা চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত টাইবুনালে। শুক্রবার এ বিষয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ, ভোটাধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে পুনরায় বিবেচনা করা হবে। আগামী সোমবার ১৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। সে দিনই ট্রাইবুনালের নিষ্পত্তি এবং ভোটার তালিকা ‘ফ্রিজ়’ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাবে আদালত।

প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এক আইনজীবী জানতে চেয়েছিলেন, ভোটার তালিকা ফ্রিজ় হয়ে যাওয়ার পর ট্রাইবুনালে যাঁদের নামের নিষ্পত্তি হবে, তাঁদের ভবিষ্যৎ কী হবে? ইতিমধ্যে তালিকা ফ্রিজ় করে দেওয়া হয়েছে। এর পর যদি কোনও ভোটার ট্রাইবুনালের ছাড়পত্র পান, তিনি কি ভোট দিতে পারবেন? ফ্রিজ় হওয়া তালিকায় কি তাঁর নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হবে? নির্বাচন কমিশনের আইনজীবী এই আবেদনের প্রেক্ষিতে আদালতে জানান, বৃহস্পতিবারই শেষ দিন ছিল। নিয়ম মেনে ভোটার তালিকা ফ্রিজ় করা হয়েছে। এর পর আর কোনও আবেদন বিবেচিত হওয়াই উচিত নয়। বৃহস্পতিবার পর্যন্ত ফ্রিজ় হওয়া তালিকা ধরেই ভোট হওয়া উচিত।

Advertisement

বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, প্রত্যেক নির্বাচনের জন্য ভোটার তালিকার কাট-অফ তারিখ থাকে। আদালত তা নিয়ে ভাবছে। পাশাপাশি, এখানে নাগরিকের মৌলিক অধিকারের বিষয় রয়েছে। সংবিধান অনুযায়ী, ভোটার তালিকায় নাম থাকা এবং ভবিষ্যতের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রত্যেক নাগরিক পাবেন। এই অধিকারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্থায়ী অধিকার হিসাবে বিবেচিত। তাই এ বিষয়ে আরও বিবেচনা প্রয়োজন। প্রধান বিচারপতি জানান, স্থায়ী অধিকার থেকে ভোটারদের বঞ্চিত করা হবে না।

আবেদনকারী আইনজীবী আরও জানান, পাসপোর্ট থাকা সত্ত্বেও অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। অবিলম্বে তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত বলে তিনি মনে করেন। তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া উচিত। এই বিষয়টিও বিবেচনা করে দেখবে আদালত। সোমবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement