গ্রাফিক আনন্দবাজার ডট কম।
রাজনৈতিক সৌজন্যের নজির গড়লেন কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রের সদ্য জয়ী বিজেপি বিধায়ক অজয় রায়। ভোটে জয়লাভের পর তৃণমূলের দখলে থাকা দলীয় কার্যালয় আবার ফরওয়ার্ড ব্লককে ফিরিয়ে দিলেন তিনি। দিনহাটা শহরে অবস্থিত ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয় ‘সুভাষ ভবন’ বুধবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের দখলমুক্ত করে ফরওয়ার্ড ব্লকের হাতে তুলে দেন অজয়।
প্রসঙ্গত, ২০০৭ সালে উদয়নের পিতা প্রয়াত কমল গুহের হাত ধরে তৈরি হয়েছিল ‘সুভাষ ভবন’। দিনহাটা শহরে ফরওয়ার্ড ব্লকের প্রধান দলীয় কার্যালয় ছিল সেটি। ২০১৫ সালে উদয়ন ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগদান করার পরে তিনি ‘সুভাষ ভবন’কে তৃণমূলের কার্যালয় হিসাবে রূপান্তরিত করেন। এ বারের বিধানসভা নির্বাচনে জয়ের পরে অজয় ঘোষণা করেন তৃণমূল যে সমস্ত রাজনৈতিক দলের দলীয় কার্যালয় দখল করে রেখেছে সেগুলি দখলমুক্ত করে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে ফিরিয়ে দেওয়া হবে। বুধবার প্রতিশ্রুতি বাস্তবায়িত করলেন তিনি।
দিনহাটা শহরে দফতর পুনর্দখল অভিযানে হাজির ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর, নেতা দীপক সরকার এবং কমল গুহের পরিবারের কয়েক জন সদস্য। এমনকি, উদয়ন গুহের দিদি এবং কমলের নাতনিকেও সেখানে দেখা যায়। বিভিন্ন নেতাদের উপস্থিতিতে দলীয় কার্যালয়টি ফরওয়ার্ড ব্লকের হাতে তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে অজয় বলেন, ‘‘এটি এক সময় ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয় ছিল। উদয়ন তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর সেটি দখল করে নিয়েছিলেন। দিনহাটার বুকে একটা সময় ছিল যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মঞ্চে বিভিন্ন বক্তৃতা করতেন একে অপরের বিরুদ্ধে, কিন্তু তাঁদের মধ্যে সৌজন্য ছিল। সেই সৌজন্য নষ্ট হয়ে গিয়েছিল।’’
দফতর হস্তান্তর প্রসঙ্গে অজয় বুধবার বলেন, ‘‘নির্বাচনে ভোট প্রচার করতে গিয়ে সাধারণ মানুষের নানা দাবির কথা শুনেছি। প্রায় প্রত্যেকেরই একটা দাবি ছিল— দিনহাটা যেন শান্তি ফিরে আসে। মানুষ শান্তির উদ্দেশ্যে ভোট দিয়েছে। দিনহাটার বুকে আবার সেই সুন্দর পরিবেশ ফিরে আসবে। সকলের সঙ্গে সকলে মিশবে। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। আজ থেকে সেই কাজই শুরু করলাম।’’ এই ঘটনা প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় বলেন, ‘‘অজয় রায় আমাদের দলীয় কার্যালয় দখলমুক্ত করার কে? আমরাই দখলমুক্ত করেছি। তিনি শুধু সহযোগিতা করেছেন।’’