ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।
রক্ত পরীক্ষা করতে হবে, যিনি রক্ত নিয়ে যাচ্ছেন তাঁকে ফ্লেবোটোমিস্ট বলা হয়। কিন্তু সেই রক্তই গবেষণাগারে রক্ষণাবেক্ষণ করা থেকে, পরীক্ষা করা—সব কিছুই পারদর্শিতার সঙ্গে চিকিৎসকের সাহায্য করেন ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পদে নিযুক্ত হওয়ার জন্য কী পড়াশোনা করতে হয়, কোথায় কোথায় চাকরি পাওয়া যায়— রইল খুঁটিনাটি।
কী কাজ করতে হয়?
ল্যাব সরঞ্জামের রক্ষণাবেক্ষণ করা। নমুনা সংগ্রহ, নমুনা বিশ্লেষণ, রিপোর্ট তৈরি করা থেকে চিকিৎসকদের সব রকম ভাবে সাহায্য করতে হয় ল্যাবরেটরি টেকনিশিয়ানকে।
কোন কোন কোর্স রয়েছে?
কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হয়। ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। দু’বছরের এই কোর্স করার পর এই পদে চাকরি শুরু করে যায়। এ ছাড়াও ব্যাচেলর অফ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি এবং মাইক্রোবায়োলজিতে ব্যাচেলর অফ সায়েন্স পড়েও এই পদে নিযুক্ত হওয়া যায়। কিছু সার্টিফিকেট কোর্সও পড়া যায় এই বিষয়।
বেতন কত?
শুরুতে নবীনদের জন্য প্রতি মাসে ১৫ থেকে ২৫ হাজার টাকা বেতন পাওয়া যায়। দু’ থেকে পাঁচ বছরের অভিজ্ঞতার পর বেতন ২৫ থেকে ৪০ হাজারের মধ্যে হয় এবং এর পর উচ্চস্তরে পদোন্নতি হলে ৫০ হাজার বা তার বেশিও বেতন হতে পারে।
পেশাগত সুযোগ
সরকারি বা বেসরকারি হাসপাতালের প্যাথলজি ল্যাবেই এই পদে চাকরির সুযোগ রয়েছে। কোনও কোনও ক্ষেত্রে পরীক্ষা দিতে হয়। আবার কোনও ক্ষেত্রে শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে মেলে চাকরি। রক্ত সংগ্রহ, পরীক্ষা এবং সংরক্ষণের জন্য ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন হয় ব্লাড ব্যাঙ্কে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র এবং ফার্মাসিউটিক্যাল সংস্থায় গবেষণা সহায়ক হিসেবে কাজ করা যায় এই পদে।