ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। ছবি: সংগৃহীত।
পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-এ দক্ষ? ডিপ লার্নিং নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে? গবেষণা প্রকল্পে যোগদানের সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। শূন্যপদ দু’টি।
প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজে নিযুক্তেরা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থপুষ্ট প্রকল্পে যোগদানের সুযোগ পাবেন। তাঁদের ওই প্রকল্পের মডেল তৈরির কাজে ডিপ লার্নিং এবং পাইথন-এর ব্যবহার করতে হবে।
কম্পিউটার সায়েন্স কিংবা সমতুল বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। স্নাতকে পরীক্ষায় তাঁদের ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে।
মোট ২৪ মাসের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। তাঁদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মাসে পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহীরা আইআইটি, খড়্গপুরের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ১১ মে।