প্রতীকী চিত্র।
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মখালি। কলকাতা ডক সিস্টেমের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে শুক্রবার নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পোর্টের ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তিভিত্তিক কাজের সুযোগ মিলবে। এ জন্য প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন।
পোর্টের কলকাতা ডক সিস্টেমে মেরিন বিভাগের জন্য এই নিয়োগ হবে ট্রেনি ডক পাইলট (শিক্ষানবিশ) পদে। শূন্যপদ চারটি। নিয়োগের পর কর্মীরা তিন বছরের চুক্তিতে পোর্টে কাজের সুযোগ পাবেন। তবে শর্তসাপেক্ষে বাড়তে পারে এই মেয়াদ। প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৫০,০০০ টাকা। এর পর পোর্টের তরফে আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ বেড়ে হবে মাসে ৫৭,০০০ টাকা। এ ছাড়া দেওয়া হবে অন্য সুযোগসুবিধা।
প্রার্থীদের নটিক্যাল সায়েন্স-এ বিএসসি ডিগ্রি, ফরেন গোয়িং শিপ সেকেন্ড মেট/ ড্রেজ মেট গ্রেড-১/ ফরেন গোয়িং শিপ ফার্স্ট মেট/ ড্রেজ মেট গ্রেড-২ যোগ্যতা থাকা জরুরি। তাঁদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৩০ বা ৩৫ বছর।
এ জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ২২ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে আরও জানতে পোর্টের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।