ইউপিএসসি। ছবি: সংগৃহীত।
চলতি বছর কেন্দ্রীয় সশস্ত্র পুলিশি বাহিনী (সিএপিএফ)-তে নিয়োগ পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে সহকারী কম্যান্ড্যান্ট পদে নিয়োগের ইউপিএসসি-র তরফে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
ইউপিএসসি সিএপিএফ পরীক্ষার মাধ্যমে ৩৪৯টি শূন্যপদে নিয়োগ হবে। নিযুক্তদের গ্রুপ এ অফিসার পদে নিয়োগ করা হবে। সর্বভারতীয় স্তরের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণেরা সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ), কেন্দ্রীয় রিজ়ার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ), কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) এবং সশস্ত্র সীমা বল (এসএসবি)-এ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট পদে কাজের সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে বয়সের ছাড়। পাশাপাশি, তাঁদের উত্তীর্ণ হতে হবে স্নাতকে। এ ছাড়াও কমিশন নির্ধারিত শারীরিক পরিমাপের মাপকাঠি এবং সক্ষমতা থাকতে হবে তাঁদের।
আগ্রহীদের কমিশনের ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে সমস্ত নথি-সহ নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সংরক্ষিতেরা বাদে বাকিদের জন্য নির্ধারিত আবেদনমূল্য ২০০ টাকা। আগামী ১২ মার্চ আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার আয়োজন করা হবে ১৯ জুলাই।