বাংলাদেশি অভিনেত্রী পরীমণির কী হয়েছে? ছবি: সংগৃহীত।
অসুস্থ বাংলাদেশি অভিনেত্রী পরীমণি। অস্ত্রোপচার হয়েছে। তাই আদালতে হাজিরা দিতে পারেননি অভিনেত্রী। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’-এর প্রতিবেদন অনুযায়ী, সাভারের বোট ক্লাবে মারধর, হুমকি এবং যৌন হয়রানির মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের তারিখ আবার পিছিয়ে গিয়েছে। এই খবর পাওয়ার পরে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় নায়িকার সঙ্গে। কিন্তু কোনও উত্তর মেলেনি।
২০২১ সালের জুন মাসের ঘটনা। সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরের একটি বোট ক্লাবে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তোলেন নায়িকা। বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরের দিন থানায় অভিযোগ করেন নায়িকা। তার পরেই ব্যবসায়ী নাসিরউদ্দীন এবং তাঁর বন্ধু তুহিন সিদ্দীকী অমিকে গ্রেফতার করে পুলিশ। ২০২১ সালের ৭ সেপ্টেম্বর তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। ২০২২-এর মে মাসে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেয় আদালত। সেই সময়েই পরীমণির আংশিক জবানবন্দি গ্রহণ করা হয়েছিল।
এই মামলায় বিচারক শাহদাৎ হোসেন ভুইয়াঁর আদালতে পরীমণির জেরার দিন ধার্য হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে সেই জেরা আবার পিছিয়ে গেল। আগামী ৯ অগস্ট জেরার নতুন দিন নির্ধারণ করেছে আদালত। এই প্রথম নয়, আগেও জেরার দিন বার বার পিছিয়েছে। গত বছরের ৯ সেপ্টেম্বর নায়িকার দুই সন্তানের টিকা দেওয়ার পরে তারা অসু্স্থ হয়ে পড়ায় আদালতে আসতে পারেননি পরীমণি।
এ প্রসঙ্গে ‘কালের কণ্ঠ’-কে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, সম্প্রতি অ্যাপেনডিক্সের অস্ত্রোপচারের জন্য শারীরিক ভাবে অসুস্থ অভিনেত্রী। তাই আদালতে হাজিরা দেওয়া সম্ভব হয়নি নায়িকার পক্ষে। সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছে।