ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকে অঞ্জনা কী ভাবে প্রস্তুতি নিচ্ছেন আসন্ন শ্রুতিনাটকের? ছবি: সংগৃহীত।
ধারাবাহিকের শুটিং, শ্রুতিনাটকের মহড়ার সঙ্গে রাজনৈতিক দায়িত্ব। খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটছে অভিনেত্রী অঞ্জনা বসুর। অনেক বছর পরে আবার বিলেতে ‘প্রথম পার্থ’ শ্রুতিনাটক নিয়ে পাড়ি দেবেন। প্রস্তুতি কী ভাবে চলছে৷ ১৪ ঘণ্টার শুটিংয়ের ফাঁকে কী ভাবে সময় বার করছেন অভিনেত্রী?
২৪ ঘণ্টার দিন যদি বেড়ে ৪৮ ঘণ্টা হয়, তা হলে বুঝি অঞ্জনার অনেকটা সুবিধা হয়! অভিনেত্রী বলেন, “সত্যি খুবই ব্যস্ততায় দিন কাটছে। ‘প্রথম পার্থ’ আমার খুব প্রাণের একটা কাজ। দেবশঙ্করদা (হালদার) আর আমি একসঙ্গে পাঠ করি। তিনিও এখন বিদেশে, অন্য কাজে। এখন নিজের অংশের মহড়াটুকু করছি আমি। তাতেই নিজেকে কী যে তৃপ্ত লাগছে, বলে বোঝাতে পারব না।”
শ্রুতিনাটকের মহড়ায় অঞ্জনা বসু। ছবি: ফেসবুক।
জুন মাসের ২৭ এবং ২৮ তারিখে লন্ডনে উপস্থাপিত হবে অঞ্জনা, দেবশঙ্করের ‘প্রথম পার্থ’ শ্রুতিনাটক৷ অভিনেত্রী যোগ করেন, “এর আগেও তো বিদেশে এই শ্রুতিনাটক করেছি। সবচেয়ে লক্ষণীয় আমাদের শ্রুতিনাটকের সময় দর্শক মন দিয়ে একাগ্রতার সঙ্গে সেটা শোনেন। তখন দেখি না কেউ অন্য কাজ করছেন। এটাই তো শিল্পী হিসাবে আমাদের প্রাপ্তি।”
ধারাবাহিকে ১৪ ঘণ্টার শুটিংয়ের মধ্যে কী করে সময় বের করছেন? হাসতে হাসতে অঞ্জনার জবাব, “তাই তো শ্যামবাজারে যাওয়ার মতো করে লন্ডন যাচ্ছি।”
কিন্তু এখন তো শুধু অভিনয়ের দায়িত্ব নয়, রাজনৈতিক দিকেও নিশ্চয় সময় দিতে হচ্ছে তাঁকে। সঙ্গে টলিউডে পরিবর্তনের হাওয়া। ফলে অনেক সময়েই নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। অঞ্জনা বলেন, “মন্ত্রিসভা গঠন হলেও এখনও দফতর বণ্টন হয়নি। আসলে অভিভাবকহীন সময়ে একটু অস্থিরতা তৈরি হচ্ছে। আশা করছি সেটা আর দু’-তিন দিনের মধ্যে কেটে যাবে।” একই সঙ্গে ওঠে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির প্রসঙ্গও। এই বিষয়ে অঞ্জনার মত, যে ‘গুণ্ডাগিরি’ এত দিন চালিয়ে এসেছেন স্বরূপ, সবাইকে তার সামনে বশ্যতা স্বীকার করতে হয়েছিল৷ সেই ফল তো ভোগ করতে হবে। আপাতত, তিন দিক সামলে চূড়ান্ত ব্যস্ততায় সময় কাটাচ্ছেন অভিনেত্রী।