স্বরূপের বিশ্বাসের গ্রেফতারিতে কী বললেন অনির্বাণ ভট্টাচার্য? ছবি: সংগৃহীত।
টলিউডের প্রাক্তন ফেডারশন সভাপতি স্বরূপ বিশ্বাস এখন জেলবন্দি। তাঁর সঙ্গে যে ক’জন অভিনেতা ও পরিচালকের মতের বিরোধ সর্বজনবিদিত, তাঁদের মধ্যে অনির্বাণ ভট্টাচার্য অন্যতম। গত দু’বছর ধরে অনির্বাণের সঙ্গে যেন প্রায় স্নায়ুর লড়াই চলেছে স্বরূপের। পরিচালক-প্রযোজকেরা যখন টলিপাড়ায় কর্মবিরতির ডাক দেন, সেই সময়ে প্রথমের সারিতে ছিলেন অনির্বাণ। এর পরেই শোনা যায়, ইন্ডাস্ট্রিতে তিনি ‘ব্যান্ড’! স্বরূপের গ্রেফতারির পরে মুখ খুললেন অভিনেতা।
২০২৫ সালে ‘রঘু ডাকাত’ ছবির মুক্তির পরে সে ভাবে আর কিছু মুক্তি পায়নি তাঁর। চলতি বছরের শুরুতে অনির্বাণের হয়ে প্রকাশ্যে ক্ষমা চান দেব। তবুও মন গলেনি স্বরূপের। ৪ জুন স্বরূপের গ্রেফতারির পরের দিন, শুক্রবার শহরের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকা। সেখানেই অনির্বাণ জানান, এ লড়াই তাঁর একার নয়।
গত দু’বছরে তেমন কাজ পাননি অনির্বাণ। অন্য পরিচালকেরা ক্ষমা চাইলেও সে পথে হাঁটেননি তিনি। স্বরূপের বিরুদ্ধে যেন নিশ্চুপেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি। শুক্রবার অভিনেতা বলেন, ‘‘অনেকে লড়াই করেছেন। আমি একা নই। আমি তো ইন্ডাস্ট্রির আলোর দিকের মানুষ। গ্ল্যামারের দুনিয়ায় অভিনেতাদের অবাধ চলাফেরা। তবে ইন্ডাস্ট্রির যাঁরা কলাকুশলী, যাঁরা উপার্জনের দিকে কিংবা গ্ল্যামারের দিক থেকে অনেকটা পিছনে— তাঁরা অনেক বেশি ভুগেছেন। আর স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরে যে লোকে সবটা জেনেছে, তেমন নয়। আমরা এগুলো জানতাম বলেই, এর বিরোধিতা করেছিলাম।’’
স্বরূপের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ। চলছে তদন্ত। অন্য দিকে, নতুন ছবির শুটিং শুরু করেছেন অনির্বাণ। তাঁকে দেখা যাবে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘দেশু ৭’ ছবিতে।