ধারাবাহিকের নায়িকা হয়ে ফিরছেন শ্বেতা। ছবি: সংগৃহীত।
সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন ছবি ‘মন মানে না’। বড়পর্দা, ছোটপর্দা কিংবা ওয়েব সিরিজ়— বিভিন্ন মাধ্যমে নানা ধরনের কাজ করছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। বহু দিন পরে ছোটপর্দায় নায়িকা হিসাবে দেখা যাবে তাঁকে। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের দ্বিতীয় অধ্যায়ের নায়িকা শ্বেতা।
মাঝে কি ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি? দু’বছর তাঁকে ছোটপর্দায় দেখা যায়নি। আর নায়িকা হিসাবে তো তাঁর ফেরা প্রায় সাত বছর পরে। খলনায়িকা হিসাবে অনেক কাজই করেছেন তিনি। শ্বেতা বললেন, “কোন মাধ্যমে কাজ করছি সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কতটা ভাল কাজ করতে পারছি। এখনও ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজ়ে আমার অভিনীত ‘দীপা’ চরিত্র নিয়ে আলোচনা হয়।”
এই সিরিজ়ই কি তাঁর অভিনয়জীবন অনেকটা বদলে দিয়েছে? অভিনেত্রী ‘খাকি’-কে কিছুটা কৃতিত্ব দিলেও তাঁর মনে হয় এর আগে ‘ধুলোকণা’ ধারাবাহিকে যে চরিত্রে তিনি অভিনয় করেছিলেন, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনেত্রী যোগ করেন, “নেতিবাচক চরিত্রের খোলস ছাড়িয়ে যে নতুন ধরনের কাজের সুযোগ এসেছে, সেটা নিয়ে আমি খুব খুশি।” অভিনেত্রী কি টিআরপি নিয়ে ভাবিত? সেটা নিয়ে এখনই কিছু ভাবতে রাজি নন। অভিনেত্রী মনে করেন, মন দিয়ে যদি নিজের কাজ তিনি করেন, তা হলেই তার ফল পাওয়া যাবে।