Sonam Bajwa on Stray dogs

অবোলাদের এমন ‘মৃত্যুদণ্ড’ ঠিক নয়, গণহারে পথকুকুর নির্মূলের নির্দেশ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর? প্রতিবাদ সোনমের

সুপ্রিম কোর্টের ঘোষণার পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে জানান, শুক্রবার থেকে হিংস্র পথকুকুরদের নির্মূল করার অভিযান শুরু করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৯:৪৬
Share:

ভগবন্ত মানকে কী বললেন সোনম? ছবি: সংগৃহীত।

পথকুকুর ‘পাগল’ হয়ে গেলে বা খুব বেশি হিংস্র হয়ে গেলে তাকে মেরে ফেলা যেতে পারে। মঙ্গলবার পথকুকুর সংক্রান্ত মামলায় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। তার পর থেকে নতুন করে বিতর্ক শুরু হয়েছে পথকুকুরদের নিয়ে। এই বিষয়ে এ বার সরব হলেন অভিনেত্রী সোনম বাজওয়া।

Advertisement

সুপ্রিম কোর্টের ঘোষণার পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমাজমাধ্যমে জানান, শুক্রবার থেকে হিংস্র পথকুকুরদের নির্মূল করার অভিযান শুরু করা হবে। ভগবন্তের এই ঘোষণা মোটেই ভাল ভাবে নেননি পশুপ্রেমীরা। এই প্রসঙ্গেই দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছেন সোনম। সুপ্রিম কোর্ট আসলে কী বলতে চেয়েছেন, সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি পশুদের আশ্রয়স্থলের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সোনম বিবৃতিতে লিখেছেন, “মাননীয় মুখ্যমন্ত্রী ভগবন্ত মানজি, সুপ্রিম কোর্ট মোটেই গণহারে পথকুকুরদের নির্মূল করার নির্দেশ দেননি। কিছু স্পর্শকাতর এলাকা থেকে তাদের সরিয়ে নির্বীজকরণ, টিকাকরণ করিয়ে আশ্রয়স্থলে রাখতে বলা হয়েছে। রাস্তা থেকে কুকুরদের মুছে সাফ করতে বলা হয়নি। সেই আশ্রয়স্থল কোথায়? অবোলা প্রাণীদের এ ভাবে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না।”

Advertisement

সোনম তাঁর পোস্টে আরও লেখেন, “মানুষের জীবনের মূল্য আছে ঠিকই। কিন্তু সহানুভূতি ও দায়িত্ববোধও দরকার।” তাই গণহারে কুকুরদের নির্মূল করতে বন্ধ করার আবেদন করেছেন সোনম। অভিনেত্রীর এই পোস্টে সমর্থন জানিয়েছেন অনেকেই। অভিনেত্রীর কথায়, “অবোলাদের সঙ্গে আমরা কেমন আচরণ করি, সেটাই বলে দেয় সমাজ হিসাবে আমরা কেমন।” সোনমের এই মন্তব্যে সমর্থন জানিয়েছেন তাঁর অনুরাগীরা। অনেকেই পথকুকুরদের নির্মূল করা নিয়েও কথা বলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement