Subhashree At Kolkata

‘ভয়ানক অভিজ্ঞতা, প্রচণ্ড বিধ্বস্ত’! দুবাই থেকে ফিরলেন শুভশ্রী, স্ত্রী-পুত্রকে বিমানবন্দরে নিতে গেলেন রাজ

অবশেষে নিজের শহরে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইরান-ইজ়রায়েল যুদ্ধের কারণে অশান্ত দুবাইয়ে আটকে পড়েছিলেন তিনি এবং তাঁর পুত্র ইউভান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৭:১৮
Share:

পুত্র ইউভানকে নিয়ে ঘরে ফিরলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: ফেসবুক।

তাঁরাই যেন যুদ্ধ জয় করে ফিরলেন! কয়েকটি দিন অশান্ত দুবাইয়ে আটকে পড়েছিলেন। খবর, শুক্রবার বিক‌েলে নিজের শহরে নিরাপদে পৌঁছোলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গী একরত্তি ছেলে ইউভান। মেয়ে-নাতি ঘরে ফিরতেই চওড়া হাসি গঙ্গোপাধ্যায় পরিবারে। স্বস্তির শ্বাস ফেলেছেন পরিচালক-বিধায়ক স্বামী রাজ চক্রবর্তীও।

Advertisement

শুক্রবার কলকাতা বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, “সকলকে ধন্যবাদ। সবার ভালবাসা, সকলের সমর্থন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে এবং আমার পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছে। ধন্যবাদ সকলকে। ওখানকার অভিজ্ঞতা ভাগ করতে পারব না এখনই। ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল এবং আমি এখন সত্যিই বিধ্বস্ত। সকলে ভাল থাকবেন।” এ দিন বিমানবন্দরে মাকে দেখেই জড়িয়ে ধরে একরত্তি মেয়ে ইয়ালিনি। স্ত্রী-পুত্রকে সামনে দেখে চওড়া হাসি রাজের মুখেও।

ছেলের স্কুলের পরীক্ষা শেষ। ছেলের আবদার ছিল, মায়ের সঙ্গে দুবাই যাবে সে। ইউভানের আবদার মেটাতেই দিন কয়েক‌ের জন্য শহর ছেড়েছিলেন নায়িকা। পরিবর্তে যে এমন অভিজ্ঞতা নিয়ে ফিরবেন, বোধহয় স্বপ্নেও ধারণা করতে পারেননি। শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় আনন্দবাজার ডট কম-কে জানিয়েছিলেন, ইরান-ইজ়রায়েলের যুদ্ধের কারণে বন্ধ ছিল আকাশপথ। শুভশ্রীরা যে হোটেলে উঠেছিলেন, তার আশেপাশে বোমা বিস্ফোরণ হয়েছে। তবে মা-ছেলে নিরাপদেই ছিলেন। কিন্তু যত ক্ষণ না তাঁদের মুখ দেখতে পেয়েছেন, তত ক্ষণ চিন্তায় ছটফট করেছেন দুই পরিবারের সদস্যরা।

Advertisement

অন্য দিকে রাজ জানান, বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে দুই দেশের বিদেশ মন্ত্রকের সঙ্গেই কথা বলেছেন তিনি। ৫ মার্চ ফেরার কথা ছিল শুভশ্রী-ইউভানের। সেই যাত্রা পিছোয়। মুম্বই হয়ে শুক্রবার শহরে ফিরলেন তাঁর স্ত্রী-পুত্র। বাকি যাঁরা এখনও আটকে দুবাইয়ে, তাঁরাও যাতে নিরাপদে ফিরতে পারেন, তাঁর জন্য প্রার্থনা জানিয়েছেন পরিচালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement