বাবা হলেন পরিচালক অ্য়াটলি কুমার। ছবি: সংগৃহীত।
বলিউডে ফের সুখবর। একের পর এক তারকাদম্পতি মা-বাবা হচ্ছেন। রবিবারই দীপিকা পাড়ুকোন দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন। তার এক দিন বাদেই অভিনেত্রীর ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি জানালেন যে, ফের বাবা হয়েছেন তিনি।
চলতি বছরেই দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি জানিয়েছিলেন যে, তিনি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। ২০ এপ্রিল, সোমবার সকালে অভিনব কায়দায় সন্তান হওয়ার খবর দেন অ্যাটলি। তিনি লেখেন, ‘‘আমার ছেলে বড় দাদা হয়েছে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি ও প্রিয়া কন্যাসন্তানের বাবা-মা হলাম।’’
সন্তান জন্মের খবর দিলেন অ্যাটলি।
দক্ষিণে তাঁর একের পর এক হিট ছবি। শাহরুখ খানের সঙ্গে হিন্দিতে প্রথম ছবি করেন, ‘জওয়ান’। এই ছবির আগে তাঁকে ভরসা করে নাকি ৩০ কোটি টাকা পর্যন্ত দিতে চাইতেন না প্রযোজকরা। তাঁর উপরে প্রথম বার ভরসা করে ৩০০ কোটি টাকার বিনিয়োগ করেন শাহরুখ। সেই টাকা যে সুদে-আসলে তুলে দিয়েছেন পরিচালক, তা বলাই বাহুল্য। এ বার তিনি ডাক পেয়েছেন হলিউড থেকেও। সেখান থেকে বার বার অনুরোধ করা সত্ত্বেও নাকি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অ্যাটলি। নিজের জীবনে কিছু নীতি রয়েছে তাঁর, সেগুলির বাইরে গিয়ে নাকি কাজ করতেই পারবেন না তিনি।
আপাতত তিনি ব্যস্ত ‘রাকা’ ছবি নিয়ে। অল্লু অর্জুন ও দীপিকা রয়েছেন সেই ছবিতে। সদ্য বাবা হয়েই ছবির সেটে ফিরছেন অ্যাটলি, অন্য দিকে অন্তঃসত্ত্বা অবস্থায় এই ছবির শুটিং করবেন দীপিকা।