নাসার বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন অল্লু! ছবি: সংগৃহীত।
পর্দায় লাল চন্দনকাঠের চোরাকারবারি হয়ে ছক্কা হাঁকিয়েছেন অল্লু অর্জুন। এক কথায় তিনি ‘সুপারস্টার’। নায়ক হিসেবে বক্সঅফিসের সব পরীক্ষায় উতরে গিয়েছেন সফল ভাবে। বুধবার তাঁর ৪৫তম জন্মদিন। তবে বক্সঅফিস কাঁপানো এই নায়ক কিন্তু অভিনেতা হতে চাননি। কিশোর অল্লু চেয়েছিলেন নাসার বিজ্ঞানী হতে। কিন্তু সিনেমার পরিবারের ছেলে বড় হয়ে নায়ক হবেন, এটাই যেন ভবিতব্য ছিল তাঁর। এ হেন অল্লুর পড়াশোনা কতদূর?
ছবি: সংগৃহীত।
চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল থেকে পড়াশোনা করেছেন অর্জুন। কিন্তু বয়স ২০ পেরোতেই পরিবারের সঙ্গে হায়দরাবাদে চলে আসেন অভিনেতা। সেখানে এমএসআর কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতক হন তিনি। এর পর বিবিএ পাশ করলেও গতে বাঁধা ন’টা-ছ’টার চাকরি করতে চাননি অল্লু। এই চিন্তা থেকেই তিনি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা শুরু করেন। সেখানেও তেমন সুবিধা করতে পারেননি। শেষমেশ অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। তাঁর বাবা অল্লু অরবিন্দ দক্ষিণের খ্যাতনামী নির্দেশক ও প্রযোজক। বাবার দেখানো পথেই হাঁটেন অল্লু। ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ হয় তাঁর।
ছবি: সংগৃহীত।
তার পর একে একে ‘বানি’, ‘পারাগু’, ‘হ্যাপি’-র মতো ছবি করেন। প্রথম দিকে একেবারে চকোলেট হিরো হিসাবেই নিজেকে পর্দায় উপস্থাপন করেন। কিন্তু ‘আর্যা ২’ ছবি থেকে নিজেকে একটু একটু করে ভাঙতে শুরু করেন। এর পর থেকে পুরোপুরি অ্যাকশনে মন দেন অল্লু। ‘না পেরু সুরিয়া’ ছবির সময় থেকে রীতি মতো ‘সুপারস্টার’ তকমা পেয়ে যান তিনি। কিন্তু ২০২০ সালে ‘আলা বৈকুণ্ঠপুর’ ছবির সময় থেকে যেন দক্ষিণের গণ্ডি পেরিয়ে গোটা দেশে পরিচিতি পেতে শুরু করেন। অর্থাৎ ‘প্যান ইন্ডিয়া’ তারকার তকমা পান। ২০২১ সালে তাঁর ‘পুষ্পা: দ্য রাইজ়’ যেন বক্সঅফিসের সব রেকর্ড ভেঙে দেয়। গড়ে তোলে নতুন নজির। এই ছবির পর থেকে দেশ জুড়ে তাঁর খ্যাতি যেন অনেকগুণ বেড়ে যায়।
ছবি: সংগৃহীত।
অল্লুদের পরিবারই সিনেমার জগতের সঙ্গে যুক্ত। অল্লু অরবিন্দের বাবা তথা অল্লু অর্জুনের দাদু অল্লু রামা লিঙ্গাইয়া ছিলেন তামিল ফিল্মের প্রবীণ অভিনেতা। হাজারেরও বেশি ছবি করেছেন অল্লু রামা। অরবিন্দের তিন ছেলের মধ্যে ছোট অল্লু শিরিষও তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন। ‘পুষ্পা ২’ ছবি মুক্তির পরে বেশ কিছুটা ঝড়ঝাপটা গিয়েছে অল্লুর উপর দিয়ে। এই মুহূর্তে তিনি ব্যস্ত ‘রাকা’ ছবির প্রস্তুতিতে। আগামী বছর এপ্রিলে মুক্তি পাওয়ার কথা এই ছবির। এই ছবিতে অল্লু বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন।
ছবি: সংগৃহীত।