বলিউড তারকাদের লাল গালিচায় হাঁটা নিয়ে ক্ষোভ প্রকাশ অনুরাগের। ছবি: সংগৃহীত।
ফ্রান্সের কান শহরে প্রতি বছরের মতো এ বারেও বসেছে চলচ্চিত্র উৎসবের আসর। আপাতত সেখানকার লাল গালিচায় নজর থাকবে গোটা ফ্যাশন ও বিনোদনদুনিয়ার। কারণ, কানের লাল গালিচার খ্যাতি ফ্যাশনের ‘প্রদর্শনী’র জন্যই। সেই গালিচায় নজর কেড়েছেন আলিয়া ভট্ট, ঊর্বশী রৌতেলা, অদিতি রাও হায়দরি, তারা সুতারিয়া-সহ অনেকে। মুম্বইয়ের তারকাদের এই ফ্যাশন প্রদর্শনী দেখে এ বার মেজাজ হারালেন অনুরাগ কাশ্যপ। এই চলচ্চিত্র উৎসবের শুরুর দিন থেকে তিনিও সেখানেই আছেন, তবে তিনি নাকি প্রচার চান না। হাঁটতে চান না লাল গালিচাতেও।
অনুরাগ জানান, সারা বিশ্ব থেকে সিনেমাপ্রেমী মানুষেরা কান চলচ্চিত্র উৎসবে যান। তিনিও তেমনই গিয়েছেন। সিনেমা দেখানোর সময় লাল গালিচার পাশ কাটিয়ে প্রেক্ষাগৃহে ঢুকে যান। অনুরাগের কথায়, ‘‘আসলে মুম্বইয়ের তারকারা মনে করেন, এই চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হাঁটাটাই সব! আমার পরামর্শ, ওই গালিচার বাইরে গিয়ে দেখুন, এটা আসলে একটা চলচ্চিত্র উৎসব। বলিউড তারকাদের শুধুই এই লাল গালিচায় হাঁটার লোভ।’’
এ ছাড়াও অনুরাগ বিরক্তি প্রকাশ করেন একাধিক ভারতীয় পরিচালকের বিরুদ্ধে। তাঁর কথায়, অনেক চিত্রনির্মাতাই দাবি করছেন যে তাঁদের ছবি নাকি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে! আদতে এ বছর কান চলচ্চিত্র উৎসবে ভারত থেকে দু’টি মাত্র ছবি মনোনীত হয়েছে। একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি, ‘শ্যাডোস অফ দ্য মুনলেস নাইটস’, অন্যটি জন আব্রাহামের ‘আম্মা আরিয়ান’। এ ছাড়া বাকি সব ছবিই সেখানে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে প্রদর্শন করানো যায়। অনুরাগ তাই খানিক হতাশ হয়েই জানান, এই তারকাদের ঝলকানি ও ফ্যাশনের চাপে উৎসবের আসল উদ্দেশ্যটাই চাপা পড়ে যাচ্ছে। অনুরাগ বলেন, ‘‘এখানে আসা ভারতীয়দের কখনও কোনও সিনেমা দেখতে দেখি না।’’