Babil Khan

কান্নায় ভেঙে পড়েছিলেন! মানসিক স্বাস্থ্যের সঙ্গে কী ভাবে বোঝাপড়া করে সেরে উঠলেন বাবিল?

বাবিল জানান দুঃসময়ে তাঁর একটি স্বভাব তাঁকে সাহায্য করেছে। দু’বছর আগে অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছিলেন অভিনেতার সহযোগী দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ২১:০৬
Share:

কোন অভ্যাসে সেরে উঠলেন বাবিল? ছবি: সংগৃহীত।

ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন বাবিল খান। কাঁদতে কাঁদতে বলিউডের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তার পরে দীর্ঘ বিরতি। ফের কাজে ফিরেছেন তিনি। কী ভাবে লড়াই করে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখলেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন ইরফান খানের পুত্র।

Advertisement

বাবিল জানান দুঃসময়ে তাঁর একটি স্বভাব তাঁকে সাহায্য করেছে। দু’বছর আগে অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছিলেন অভিনেতার সহযোগী দল। সম্প্রতি সাক্ষাৎকারে বাবিল জানান, এই সময়ে তিনি নিয়মিত ধ্যান করেছেন। এক অনুষ্ঠানে বাবিল জানান, তাঁর কাছে ধ্যান বা মেডিটেশন শুধু একটি অভ্যাস নয়। বরং রোজকার জীবনের একটি বড় অংশ।

ধ্যানকে আলাদা কোনও কাজ হিসাবে দেখা উচিত নয়, মনে করেন বাবিল। তাঁর মতে, এমন মানসিকতা তৈরি করতে হবে, যাতে সারা দিনের জীবনযাপনের মধ্যে স্বাভাবিক ভাবেই ধ্যান জুড়ে যায়। জীবনের কঠিন সময়ে বাবিলের উপলব্ধি হয়েছে, নিজের সঙ্গেই শান্তি খুঁজে পাওয়া এবং নিজেকে গ্রহণ করাই জীবনের আসল বিষয়।

Advertisement

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বাবিল বলেন, “ধ্যান শুধু একটি কাজ হিসাবে করা উচিত নয়। নিজের মনকে এমন ভাবে তৈরি করতে হবে, যাতে তা সারাদিন স্বাভাবিক ভাবে চলতে পারে। আপনি যেমন, তেমন ভাবেই নিজেকে মেনে নিন। নিজের সঙ্গে লড়াই নয়। আত্মবিশ্বাস নিয়ে দিন কাটানোর জন্য এই মানসিকতা দরকার। আসলে এটা নিজেকে ভালবাসার একটি উপায়। আর তার জন্য প্রথমে নিজেকে সাদরে গ্রহণ করতে হবে।”

বাবিলের মতে, আত্মস্বীকৃতি মানসিক শান্তির মূল ভিত্তি। তিনি মনে করেন, নিজের অনুভূতি বা চিন্তার বিরুদ্ধে না গিয়ে সেগুলোকে মেনে নিলে জীবনে ভারসাম্য আসে। ধ্যানের মাধ্যমে নিজেকে গ্রহণ করে নিজেকে ভালবাসতে শিখেছেন অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement