মিষ্টি সিংহ। —ফাইল চিত্র।
হাসপাতালে ভর্তি অভিনেত্রী মিষ্টি সিংহ। সোমবার ‘দিদি নম্বর ১’-এর শুটিংয়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই খুব অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। গায়ে ছিল ১০৩–এর উপর জ্বর। ওষুধ খেয়েও জ্বর কমছিল না। তাই অভিনেত্রীর স্বামী কোনও ঝুঁকি নিতে চাননি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে চলে যান মিষ্টিকে। এক সপ্তাহ আগে মিষ্টির স্বামীকেও ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ধুম জ্বর কমতেই চাইছিল না।
আনন্দবাজার অনলাইনকে মিষ্টি বলেন, “আমি শুটিং করছিলাম ‘দিদি নম্বর ১’-এর। গায়ে জ্বর ছিল। কিন্তু শুটিং করতে করতে জ্বর অনেকটাই বেড়ে যায়। ওষুধ খেয়েও কমছিল না। তখন আমার স্বামী রেমো এবং দিদি, দু’জনে মিলে হাসপাতালে নিয়ে যায়। কিছুতেই কমছিল না। হাসপাতালে স্যালাইন দেওয়ার পর কিছুটা ভাল লাগছে। তবে বেশ দুর্বল। জ্বরটা অনেকটা কমেছে। খাওয়া দাওয়া স্বাভাবিক।” একই ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন স্বামী রেমোও। তাঁকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, জানিয়েছেন অভিনেত্রী। কঠোর কোনও রোগ হয়নি বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকেরা। মঙ্গলবার কিংবা বুধবার তাঁকে ছেড়ে দেওয়া হবে।
কিছু দিন আগেই ধুমধাম করে বিয়ে করেছেন অভিনেত্রী। নার্সারির বন্ধুকে বিয়ে করেন তিনি। প্রায় ১৪ বছরের প্রেম রেমোর সঙ্গে মিষ্টির। যদিও এত দিন সম্পর্কের কথা লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন নায়িকা। । শহরের এক বিলাসবহুল হোটেলে বসেছিল মিষ্টি ও রেমোর বিয়ের আসর। ‘আলতা ফড়িং’ ছাড়াও ‘আঁচল’-সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। তবে এখনই কোনও সিরিয়ালে দেখা যাবে না তাঁকে। বিয়ের পর দিন কয়েকের বিরতি, তার পরই কাজে ফিরবেন মিষ্টি, এমনটাই পরিকল্পনা তাঁর।