বৃহস্পতিবার সকালের ঝামেলা প্রসঙ্গে কী বললেন পাপিয়া অধিকারী? ছবি: সংগৃহীত।
বুধবার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী ঘোষণা করেন যে, আগামী দিনে টলিউডের ভালমন্দ দেখার দায়িত্ব কনফেডারেশনের। আর থাকবে না ২৬টি গিল্ড। যাঁদের বিরুদ্ধে নানাবিধ সমস্যা তৈরির অভিযোগ এসেছিল, বাংলা থেকে তাঁদের ‘ব্যান’ করা হয়েছে বলেও জানানো হয়। বৃহস্পতিবার তারই প্রতিবাদ সমাবেশে আক্রান্ত বিক্ষুব্ধ কলাকুশলীরা। এই প্রসঙ্গে বিধায়ক পাপিয়া অধিকারী জানিয়ে দিলেন যে, তাঁর মহিলা মোর্চাদের বদনাম করার জন্য ভুল তথ্য রটানো হচ্ছে।
বৃহস্পতিবার কলাকুশলীদের প্রতিবাদ সমাবেশে একদল মানুষ চড়াও হন বলে অভিযোগ। কলাকুশলীদের দাবি, যাঁরা চড়াও হন, তাঁরা কেউ ইন্ডাস্ট্রির লোক নন। ‘বহিরাগত’রা নাকি নিজেদের “পাপিয়াদির লোক” বলে দাবি করেন। টালিগঞ্জের বিধায়ক বললেন, “কেউই কিছু বুঝতে পারছে না। স্বাধীনতার ৭৫ বছর পরে ‘ডবল ইঞ্জিন’ সরকার হয়েছে। কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে মিলে কাজ করবে এই প্রথম বার। সরকারের সুবিধা আমরা নেব না? আমি কোথাও কোনও লোক পাঠাইনি।”
এই প্রেক্ষিতে পাপিয়া আরও বলেন। তাঁর মতে, “তা হলে তো বামফ্রন্টের মতো হয়ে যেতে হয়। একটা প্রজন্ম পিছিয়ে গিয়েছিল। কম্পিউটার আনতে দেওয়া হবে না। ইংরেজি জানার দরকার নেই। বিষয়টাই উঠিয়ে দেওয়া হয়েছিল। সেই যদি পুরনো ভাবনাই চলতে থাকে। তা হলে আবার পিছিয়ে পড়ব।” একসঙ্গে কাজ করার ভাবনায় বিশ্বাসী পাপিয়া। তাই নতুন কনফেডারেশনের দায়িত্বও রয়েছে পাপিয়ার কাঁধে।
বৃহস্পতিবার ঠিক কী ঘটেছে? আনন্দবাজার ডট কম-কে ঘটনাস্থল থেকে সবিস্তার জানিয়েছেন প্রোডাকশন ম্যানেজার গিল্ড-এর সদস্য অভিজিৎ সাহা। তাঁর কথায়, “পাপিয়াদির কাছে আমাদের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমরা ওঁর সঙ্গে বৈঠক করতে চাই। সেই বার্তা দিতেই আমরা জড়ো হয়েছিলাম। বদলে এমন হেনস্থার শিকার হলাম!”
প্রসঙ্গত, টেকনিশিয়ান স্টুডিয়োয় পাপিয়ার বুধবারের বৈঠকের পরেই ২৬টি গিল্ড-এর সদস্যরা ঠিক করেন, বৃহস্পতিবার প্রতিবাদী সমাবেশ করবেন টেকনিশিয়ান স্টুডিয়োয়। অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে স্টুডিয়োর সামনে অবরোধ করে ‘জনতা মহিলা মোর্চা’ এবং গিল্ড-বহির্ভূতরা। ফলে, তাঁদের অন্যত্র সমাবেশ করতে হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিধায়ক পাপিয়ার সঙ্গে সরাসরি কথা বলছেন না গিল্ড-এর সদস্যরা? জবাবে প্রোডাকশন ম্যানেজার গিল্ড-এর সহ-সম্পাদক নিরুপম দে বলেন, “আমরা কথা বলতে চাই। বাধ্য হয়ে আমরা প্রতিবাদী সমাবেশ করেছি। তাতে গুরুতর আহত হেয়ার ড্রেসার গিল্ড-এর সদস্য শ্রাবণী। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।”