একাধিক বিতর্কে বিদ্ধ হয়েছেন সোনাক্ষী! ছবি: সংগৃহীত।
৩৯ বছরের জন্মদিন সোনাক্ষী সিন্হার। ২০১০ সালে ‘দবং’ ছবিতে প্রথম নজর কেড়েছিলেন শত্রুঘ্ন সিন্হার কন্যা। সলমন খানের বিপরীতে সোনাক্ষীর অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন দর্শক। তবে তার পর থেকে বহু বাধা, বিতর্কের মুখোমুখি হয়েছিলেন সোনাক্ষী।
১) ২০১৯ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন সোনাক্ষী। সেই সময়ে ‘রামায়ণ’ সংক্রান্ত একটি সহজ প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। ‘কার জন্য সঞ্জীবনী এনেছিলেন হনুমান?’ এই প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। অনুরাগীরা কটাক্ষ করতে ছাড়েননি অভিনেত্রীকে। সোনাক্ষীর বাড়ির নাম ‘রামায়ণ’। দুই ভাইয়ের নাম লব ও কুশ। তা-ও কী ভাবে তিনি এই প্রশ্নের উত্তর জানেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০২৪ সালে অভিনেতা মুকেশ খন্নাও এই ঘটনা নিয়ে সোনাক্ষীকে বিঁধেছিলেন।
২) বিয়ের জন্য সবচেয়ে বেশি বিতর্কে জড়িয়েছেন সোনাক্ষী। জ়াহির ইকবালের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক তাঁর। কিন্তু ভিন্ধর্মী বিয়ে বলে সমালোচনার শিকার হন তিনি। ২০২৪ সালের জুন মাসে জ়াহিরের সঙ্গে সোনাক্ষীর বিয়ে হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, তাঁদের বিয়ের পোস্টে মন্তব্য বিভাগও বন্ধ করে দিতে হয়েছিল। এই বিয়েতে পরিবারের মত ছিল না, এমনও শোনা যায়। ভিন্ধর্মী বিয়ের কারণেই নাকি বহু দিন ধরে পরিবারকে রাজি করিয়েছিলেন অভিনেত্রী।
৩) কবি কুমার বিশ্বাসের মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। নাম না করেই তিনি মেরঠের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “শৈশব থেকেই শিশুদের রামায়ণ ও গীতা পড়ানো দরকার। না হলে বাড়ির নাম ‘রামায়ণ’ হলেও অন্য কেউ আপনার ঘরের লক্ষ্মীকে নিয়ে চলে যাবেন।” এই মন্তব্যের নিশানায় রয়েছেন সোনাক্ষী, এমনই মনে করেছিলেন নেটাগরিক। মন্তব্যটি নিয়ে বিতর্ক হয়েছিল।
সোনাক্ষী ও জ়াহিরের সুসময়। ছবি: সংগৃহীত
৪) বিয়ের পর অন্তঃসত্ত্বা হওয়ার একাধিক বার গুজব ছড়িয়েছে সোনাক্ষীর। বিয়ের কিছুদিনের মধ্যেই সোনাক্ষীর মা হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। তিনি প্রকাশ্যে এই জল্পনার সমালোচনা করেন এবং গুজব উড়িয়ে দেন। ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন সোনাক্ষী। অবশ্য তার পরেও একাধিক বার এই একই গুজব ছড়ায়।
৫) বলিউডের স্বজনপোষণ বিতর্কেও উঠে এসেছে সোনাক্ষীর নাম। শত্রুঘ্ন সিন্হার মেয়ে হওয়ার কারণে সোনাক্ষীকে প্রায়ই ‘নেপোটিজ়ম’ বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। সলমন খানের বিপরীতে ‘দবং’ ছবির মাধ্যমে তাঁর সফর শুরু হওয়ায় বার বার এই বিতর্ক তাঁর নামের সঙ্গে জুড়েছে।
৭) সোনাক্ষী দীর্ঘাঙ্গী এবং স্বাস্থ্যবতী। বলিউডে আসার আগে সোনাক্ষীর ওজন বেশি ছিল বলে নিজেই জানিয়েছিলেন তিনি। পরে তিনি উল্লেখযোগ্য ভাবে ওজন কমান ঠিকই। কিন্তু তা-ও ওজন ও চেহারার গড়ন নিয়ে তাঁকে কটাক্ষ শুনতে হয়েছিল। যদিও ‘বডিশেমিং’-এর বিরুদ্ধে সরব হতে দু’বার ভাবেননি অভিনেত্রী।