সইফ ও অমৃতার বিচ্ছেদ হয় ২০০৪ সালে। ছবি: সংগৃহীত।
বিচ্ছেদ হয়ে গিয়েছে বহু বছর আগে। তবে আজও সইফ আলি খান ও অমৃতা সিংহের সম্পর্ক নিয়ে বলিউডে আলোচনা হয়। বয়সে সইফের চেয়ে ১৩ বছরের বড় ছিলেন অমৃতা। সোমবার ৬৯ বছর পূর্ণ হল অমৃতার। ২০০৪ সালে সইফের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অভিনেত্রীর। তার পর থেকে একাই কন্যা সারা আলি খান ও ইব্রাহিম আলি খানকে বড় করে তুলেছেন তিনি। বর্তমানে তাঁরা দু’জনই বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। কিন্তু একাকী মা অমৃতা কেমন আছেন? কত সম্পত্তিই বা তাঁর এখন?
২০০৪ সালে বিবাহবিচ্ছেদের পরে অমৃতাকে ৫ কোটি টাকার খোরপোশ দিয়েছিলেন সইফ আলি খান। ২০০৫ সালের এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তিনি ২.৫ কোটি টাকা খোরপোশ দিয়ে দিয়েছেন অমৃতাকে। বাকিটাও দিয়ে দেবেন। সারা ও ইব্রাহিম যখন প্রাপ্তবয়স্ক হননি, তখন তাঁদের দেখভালের জন্য মাসে ১ লক্ষ টাকা করে দিতেন সইফ। অমৃতা ও সারা-ইব্রাহিমের জন্য একটি পারিবারিক বাংলোও সইফ দিয়েছিলেন বলে শোনা যায়।
বর্তমানে অমৃতা ৫০ থেকে ৬০ কোটি টাকার সম্পত্তির মালকিন বলে শোনা যায়। অভিনয়জগৎ থেকে সরে গেলেও বরাবর বিলাসবহুল জীবনযাপন করেছেন তিনি। নিয়মিত নানা ব্র্যান্ডের এনডোর্সমেন্ট করেছেন, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। মাসে ২০ লক্ষ টাকা করে রোজগার বলে শোনা যায়।
মুম্বইয়ের বিলাসবহুল এলাকায় ৩ কোটি টাকার একটি বাংলো রয়েছে অমৃতার। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বে়ড়েছে অমৃতার সম্পত্তির পরিমাণ। জুহুতে বিলাসবহুল আবাসনে একটি ফ্ল্যাট কেনেন তিনি, যার দাম ১৮ কোটি টাকা। একটি খামারবাড়িও রয়েছে প্রাক্তন অভিনেত্রীর যার দাম ২ কোটি টাকা।
কন্যা সারা আলি খানের টাকাপয়সার দিকটিও এখনও অমৃতাই সামলান বলে জানা যায়। সারা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এখনও মায়ের থেকে টাকা নিয়ে তাঁর খরচ চলে।