Child Actor Veer Sharma Died

পুজোয় মর্মান্তিক দুর্ঘটনা, আগুন কেড়ে নিল ১০ বছরের ‘সইফ আলি খান’-কে! শোকের ছায়া বলিউডে

শিশু অভিনেতার মা রীতা শর্মাও অভিনয় করেন। ছেলেকে আজীবন বাঁচিয়ে রাখতে বড় পদক্ষেপ করতে চলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৩
Share:

বীর শর্মা প্রয়াণে কী বলছেন সইফ আলি খান। ছবি: সংগৃহীত।

দেশ যখন উৎসবের আনন্দে মাতোয়ারা তখনই মর্মান্তিক মৃত্যুসংবাদ। রাজস্থানের কোটার অনন্তপুরা এলাকায়, একটি বহুতল ভবনে আগুনে পুড়ে মারা গেল ১০ বছরের শিশু অভিনেতা বীর শর্মা। ওই ঘটনায় তার দাদা শৌর্য শর্মাও আগুনে পুড়ে মারা গিয়েছেন বলে খবর।

Advertisement

সদ্যপ্রয়াত শিশুশিল্পী বীর পৌরাণিক ধারাবাহিক ‘বীর হনুমান’-এ লক্ষ্মণের ছোটবেলার চরিত্রে করে জনপ্রিয়তা পেয়েছিল। সইফ আলি খানের আগামী ছবিতে অভিনেতার ছেলেবেলার চরিত্রেও অভিনয়ের কথা ছিল তার। বীরের মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড।

বহুতলে কী ভাবে আগুন লেগেছিল? স্থানীয় পুলিশ সুপারিনটেনড্যান্ট তেজস্বিনী গৌতম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বহুতলের চতুর্থ তলে শর্মা পরিবার থাকে। বীর অভিনেত্রী রীতা শর্মার ছেলে। রীতা ধারাবাহিক, সিরিজ়, বড়পর্দায় অভিনয় করেন। দুর্ঘটনার সময় শুটিংয়ের কাজে মুম্বইয়ে ছিলেন তিনি। বীরের বাবা জিতেন্দ্র শর্মা অফিসের একটি অনুষ্ঠানে বাইরে ছিলেন। এই অবস্থায় শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় বাড়িতে।

Advertisement

জানা গিয়েছে, বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখে টনক নড়ে প্রতিবেশীদের। তাঁরা দরজা ভেঙে দেখেন, ধোঁয়ায় আচ্ছন্ন গোটা বাড়ি। বসার ঘর ভস্মীভূত। অন্যান্য ঘরেও পোড়া দাগ রয়েছে। মেঝেয় অচৈতন্য অবস্থায় পড়ে দুই ভাই। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্ভবত ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা গিয়েছে বীর এবং তার দাদা। শরীরে পোড়া দাগও রয়েছে। দুই ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর শর্মা পরিবার। রীতা এবং জিতেন্দ্র তাঁদের সন্তানদের আজীবন বাঁচিয়ে রাখতে বীর এবং শৌর্যের চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement