Chirosakha Serial

রাহুলের আকস্মিক মৃত্যুতে বড় সিদ্ধান্ত, বন্ধ হচ্ছে ‘চিরসখা’! হঠাৎ ধারাবাহিক শেষ হওয়ার খবরে কী বলছেন শিল্পীরা?

মঙ্গলবার, ৭ এপ্রিল দফায় দফায় বৈঠকের পরে আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে যে, ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর সঙ্গে আপাতত কাজ করবেন না কোনও শিল্পী এবং টেকনিশিয়ান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৪:৩৩
Share:

হঠাৎ ‘চিরসখা’ বন্ধ হওয়ার খবরে কী প্রতিক্রিয়া শিল্পীদের? ছবি: সংগৃহীত।

চোখের নিমেষে সব কিছু যেন ওলটপালট হয়ে গিয়েছে। ২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে তোলপাড় টলিউড। মঙ্গলবার, ৭ এপ্রিল দফায় দফায় বৈঠকের পরে আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর সঙ্গে আপাতত কাজ করবেন না কোনও শিল্পী এবং টেকনিশিয়ান। এই পরিস্থিতিতে ‘চিরসখা’ ধারাবাহিকের শিল্পীরা কী বলছেন?

Advertisement

লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর প্রযোজনায় আপাতত দুটি ধারাবাহিক সম্প্রচারিত হত—‘ভোলেবাবা পার করেগা’ ও ‘চিরসখা’। তালসারিতে ‘ভোলেবাবা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই মৃত্যু হয় রাহুলের। এই ঘটনার জেরেই বন্ধ হয়ে যাচ্ছে দুই ধারাবাহিকই। মঙ্গলবার শেষ বারের মতো সম্প্রচারিত হয়েছে ‘ভোলেবাবা পার করেগা’। অন্য দিকে ‘আর্টিস্ট ফোরাম’-এর সিদ্ধান্তের পরে রবিবার শেষ পর্ব সম্প্রচারিত হবে ‘চিরসখা’ ধারাবাবহিকের।

এই পরিস্থিতিতে ‘চিরসখা’ ধারাবাহিকের অভিনেতা ভিভান ঘোষ জানিয়েছেন, তিনি চিন্তিত কাহিনির সঙ্গে যুক্ত অন্যদের নিয়ে। এত দিন বুবলাই চরিত্রেই তাঁকে দেখেছে দর্শক। অভিনেতা বললেন, “হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেলে চিন্তা হবে না? আমার নিজস্ব ব্যবসা আছে। অর্থনৈতিক দিক থেকে আমাকে ভাবতে হবে না। কিন্তু, বাকিদের কী হবে? সবার পরিস্থিতি তো এক নয়। অবশ্যই জানতে চাই যে, রাহুলদাকে কেন এই ভাবে আমরা হারালাম। কিন্তু, কাজ চলে গেলেও তো সমস্যা! তাই না?”

Advertisement

এরই মধ্যে ভিভানের সমাজমাধ্যমের পোস্ট ঘিরেও আলোচনা হয়েছে। ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর সঙ্গে কাজ না করার কথা ঘোষণার পরেই ‘বেকার ভাতা’র প্রসঙ্গ তুলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অভিনেতা। তা নিয়েই আলোচনা শুরু।

লেখিকা লীনার প্রযোজিত দুটি ধারাবাহিকে অনেক শিল্পী কাজ করতেন। এই সাত দিনে একে একে অনেকেই ওই সংস্থার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য গত মঙ্গলবারই সংস্থাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, তিনি আর ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর সঙ্গে কাজ করবেন না। একই কথা জানান অভিনেত্রী রেশমী সেনও। তিনি বলেন, “আমি অনেক দিন ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর ধারাবাহিকে অভিনয় করেছি। ‘চিরসখা’, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকেও অভিনয় করছিলাম। কিন্তু রাহুলকে হারানোর পরে প্রত্যেকে যা যা বিভ্রান্তিকর মন্তব্য করেছেন, কারও সঙ্গে কারও কথার মিল নেই! তার পরে সরে আসাই ঠিক বলে আমার মনে হয়েছে।”

Advertisement

তবে এখনও পর্যন্ত ‘চিরসখা’ ধারাবাহিকের নায়ক এবং নায়িকা অর্থাৎ সুদীপ মুখোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীকে। তিনি বললেন, “আমরা তো শিল্পী। প্রজেক্ট বন্ধ হওয়া, আবার নতুন কাজ শুরু হওয়া, অপেক্ষা করা— এটাই আমাদের যাত্রা। এটাতে আমরা অভ্যস্ত। আলাদা করে বিশদে কিছু বলার নেই। তবে এই কাজের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁরা যেন নতুন কাজ পান। আমিও অপেক্ষা করছি নতুন কাজের।”

শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত সবাই একটি বৈঠকও করবেন। এই ঘটনার পরে প্রযোজনা সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement